হাত কাটা না পড়লে ভারতের বিপক্ষে খেলবেন ফিঞ্চ

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ জমে উঠেছে বেশ। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজ এখন সমতায়। মেলবোর্ন টেস্টের গুরুত্ব তাই বেড়ে গেছে অনেক। এমন এক ম্যাচ কোনোভাবেই ফসকাতে চান না অ্যারন ফিঞ্চ। হাতের চোটকেও উপেক্ষা করে মাঠে নামতে চান তিনি। ফিঞ্চ এতটাই মরিয়া তিনি বলেই দিয়েছেন, তাঁকে এ ম্যাচ থেকে বাদ দিতে হলে হাত কেটে ফেলার মতো ঘটনা ঘটতে হবে।
পার্থ টেস্টে মোহাম্মদ শামির বল হঠাৎ লাফিয়ে উঠে ফিঞ্চের গ্লাভসে লেগেছিল। সে চোটে মাঠ থেকে উঠে যেতে হয়েছিল তাঁকে। পরের দিন দলের প্রয়োজনে আবার মাঠে নামলেও মাত্র ১ বল টিকতে পেরেছিলেন। তবে দল এর আগেই জেতার মতো রান পাওয়ায় অসুবিধা হয়নি। তাঁর হাতের অবস্থা নিয়ে এখনো সন্দেহ আছে সংশ্লিষ্ট ব্যক্তিদের। ২৬ তারিখের আগে পূর্ণ সুস্থ হবেন কি না, এ নিয়েও প্রশ্ন আছে। অ্যারন ফিঞ্চ অবশ্য সাংবাদিকদের এমন প্রশ্ন রসিকতা করে উড়িয়ে দিয়েছেন। কারণ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ হলেও এই ওয়ানডে স্পেশালিস্টের কখনো এখানে টেস্ট খেলার সুযোগ হয়নি। সেখানে বক্সিং ডে টেস্ট! এত বড় সুযোগ হাতছাড়া করতে কোনোভাবেই রাজি নন ফিঞ্চ, ‘ভিক্টোরিয়ায় বড় হওয়া একজনের জন্য বক্সিং ডে টেস্ট খেলতে না পারার জন্য হাত কেটে ফেলার মতো ঘটনা ঘটতে হবে।’
তাঁর হাতের অবস্থা যেমনই হোক টেস্টের আগে সম্পূর্ণ প্রস্তুত হয়েই নামার কথা জানিয়েছেন অস্ট্রেলীয় ওপেনার, ‘আজ শুধু ব্যাটিং ও ক্যাচিং অনুশীলন হবে। কিন্তু গত কয়েক দিনে মনে হচ্ছে হাত পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। আমাকে কিছু ব্যাট পাঠানো হয়েছে। আমি লাউঞ্জে সেগুলো নাড়াচাড়া করে দেখেছি। ভালোই তো লাগছে। আগামী কয়েক দিনে যদি কিছু বদলে যায় তবে আমরা এ নিয়ে অবশ্যই কথা বলব। কিন্তু আপাতত সবকিছু ঠিক আছে এবং আমি স্লিপে দাঁড়ানোর চিন্তা করছি এবং যা করা দরকার সবই করছি।’