মাহমুদুল হাসান ৫৭, নাজমুল হোসেন শান্ত ৫২, মেহেদী হাসান মিরাজ ৫০। যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ খেলাদের তালিকায় প্রথম তিনটি নামই বাংলাদেশের। মাহমুদুল হাসান অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেট পেছনে ফেলে এসেছেন সেই ২০১০ সালে। আজ শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রতিটি দলই ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে। তাই বাংলাদেশের সবগুলো ম্যাচে দলে থাকলে নাজমুল পেছনে ফেলবেন মাহমুদুলকে। নাজমুলকে হাতছানি দিচ্ছে আরেকটি বড় অর্জনও। টুর্নামেন্টে ১৩৫ রান করলেই মালিক হয়ে যাবেন যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের। ১৬৯৫ রান নিয়ে এখন সবার ওপরে পাকিস্তানের সামি আসলাম। ১৫৬১ রান নিয়ে দুইয়ে নাজমুল। হাতছানি আছে মিরাজের সামনেও। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের যুব ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারি হতে দরকার আর ৬ উইকেট। ৬৮ উইকেট নিয়ে মিরাজ তিনে, সবার ওপরে পাকিস্তানের ইমাদ ওয়াসিম (৭৩), দুইয়ে ভারতের পিযুষ চাওলা (৭১)।