হাততালি পাবেন বোলাররাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি-সাকিব ম্যাচে ফিরিয়েছেন বাংলাদেশকে। মাহমুদউল্লাহ পৌঁছে দিয়েছেন জয়ের বন্দরে। ছবি: আইসিসি
মাশরাফি-সাকিব ম্যাচে ফিরিয়েছেন বাংলাদেশকে। মাহমুদউল্লাহ পৌঁছে দিয়েছেন জয়ের বন্দরে। ছবি: আইসিসি

১ উইকেটে নিউজিল্যান্ড তুলে ফেলেছে ১৫৬ রান। ক্রিকেটের সহজ সূত্র বলে, হাতে উইকেট থাকলে শেষ ২০ ওভারে রানটা দ্বিগুণ হয়ে যায়। কখনো তারও বেশি, দলে যদি শেষ দিকে থাকে ঝড় তোলার মতো ব্যাটসম্যান। ২৯ ওভারের শুরুতে কেউ যদি নিউজিল্যান্ডের সম্ভাব্য স্কোরটা ৩৪০-৩৫০ দেখে থাকেন, তাঁকেও দোষ দেওয়া যাবে না। সেই সঙ্গে ফিল্ডারদের ‘অসহযোগ আন্দোলন’ তো ছিলই। ততক্ষণেই ক্যাচ পড়েছে তিনটি। আর তিনবার বেঁচে যাওয়ার সুফলটা ভালোমতোই তুলে নিচ্ছেন টম ল্যাথাম ও নিল ব্রুম।

সেখান থেকে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে ২৭০ রানে বেঁধে ফেলা। বোলারদের কৃতিত্ব তাই দিতেই হবে দারুণভাবে ম্যাচে বাংলাদেশকে ফিরিয়ে আনার। যাতে মূল ভূমিকা মাশরাফি-সাকিবের। জিমি নিশাম, কলিন মানরো, কোরি অ্যান্ডারসন—এই তিন খ্যাপা ঘোড়াকে তো লাগাম পরিয়ে বশ করেছেন দুজন।
মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের অভিজ্ঞতার কাছে হার মানল নিউজিল্যান্ড। তাতেই ৪ উইকেটে ২২৪ থেকে স্কোরটা হয়ে গেল ৭ উইকেটে ২২৬। শেষ ১০ ওভারে নিউজিল্যান্ড তুলতে পারল মাত্র ৫৩ রান! অভিজ্ঞ রস টেলর এক দিকে প্রতিরোধ গড়েছিলেন। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬০ রানে। না হলে বাংলাদেশের বোলাররা ব্যাটসম্যানদের কাজটা সহজ করে দিতে পারতেন আরও।
সাকিব-মাশরাফি দুজনের নামের পাশে ২টি করে উইকেট। সাত মাস পর দলে ফিরে প্রথম ওভারে দুটি চারসহ ১০ রান দেওয়া নাসিরও পরে দারুণভাবে ফিরে এসে ২ উইকেট তুলে নিয়েছেন। শুরুর ধাক্কাটা দিয়েছেন মোস্তাফিজ। অন্য উইকেটটি রুবেল হোসেনের। বাংলাদেশের বোলাররা আজ কাঁধ মিলিয়ে লড়েছে। ব্যাটসম্যানরাও যেন শিখলেন সেখান থেকে। শেষ পর্যন্ত চাপের মধ্যে ৪৫ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা মুশফিক। কিন্তু স্কোরকার্ডে বাকি নামগুলোও তাদের অবদানের কথা বলছে। কেবল সৌম্যের পাশে শূন্যটা বেখাপ্পা দেখাচ্ছে।
শুরুতে বাজে বোলিং করা নাসিরই শুরু করেছিলেন ল্যাথাম-ব্রুম দুজনকেই ফিরিয়ে। দ্বিতীয় উইকেট ভোগাতে থাকা ১৩৩ রানের জুটির দুজনকেই ফিরিয়েছেন সাজঘরে। দুর্দান্ত ফর্মে থাকা ল্যাথাম নাসিরের বলে বোল্ড হওয়ার আগে ৮৪ রান করেছেন। এ আউটে আসলে দায় মিটিয়েছেন নাসির। ম্যাচের তৃতীয় বলেই তো ফেরার কথা ছিল ল্যাথামের। মাশরাফির বলে সহজতম এক ক্যাচ তুলেছিলেন কিউই অধিনায়ক। কিন্তু স্কয়ার লেগে থাকা নাসির দুই হাতে বল ধরেও ফেলে দিলেন।
ল্যাথাম যখন অবশেষে আউট হয়েছেন, নিউজিল্যান্ডের স্কোর তখন ১৬৭। এর আগে ১৫৬ রানে ফিরেছেন ৬৩ রান করা ব্রুম। তিনিও নাসিরের অফ স্পিনের শিকার। তবু নিউজিল্যান্ডের রান তোলার গতিতে বাঁধ দেওয়া যাচ্ছিল না। সাকিব-মাশরাফির যুগলবন্দী এরপরই হাজির। ৩ উইকেটে ২০৮ রান তুলে ফেলা নিউজিল্যান্ড পথ আর খুঁজে পেল না।
পরিস্থিতিটা প্রথমে সামাল দিলেন সাকিব। অ্যান্ডারসনকে মাহমুদউল্লাহর তালুবন্দী করে। সেটা ছিল ক্ষণিক স্বস্তি, তখনই যে নামলেন নিশাম। একটু পরেই নামবেন মানরো। ৪২তম ওভারের তৃতীয় বলে নিশামকে মাহমুদউল্লাহর ক্যাচ বানিয়ে শুরু করলেন মাশরাফি। ৪৪তম ওভারের প্রথম বলে মানরোকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে শেষটাও করলেন। মাঝখানে ৪৩তম মিচেল স্যান্টনারও বোল্ড হলেন সাকিবের বলে।
এ সময়ে স্লগ ওভারে রান তোলার জন্য বিখ্যাত তিন ব্যাটসম্যানকে রেখেও তাই ওভারে ছয়ের নিচে রান তুলতে বাধ্য হলো নিউজিল্যান্ড।
বোলারদের কৃতিত্বটা তাই ভুলে যাবেন না যেন!