হাতে যখন সোনালি ট্রফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিদেশীয় সিরিজে রানের সঙ্গে মাইলফলকেরও দেখা পাচ্ছেন তামিম। ছবি: প্রথম আলো
ত্রিদেশীয় সিরিজে রানের সঙ্গে মাইলফলকেরও দেখা পাচ্ছেন তামিম। ছবি: প্রথম আলো

সোনালি ট্রফিটা হাতে নিয়েই চলে এলেন সংবাদ সম্মেলনে। পথে যাত্রাবিরতি অনেক। কেউ সেলফি তুলতে চান, কেউ ধরে দেখতে চান ট্রফি। স্মারক সংগ্রাহক এক সাংবাদিক ম্যাচের স্কোরকার্ড এগিয়ে দিয়ে বললেন, ‘একটা কিছু লিখে দিন।’ তামিম ইকবাল লিখলেন, ‘আরও অনেক রান করতে পারলে খুশি হব।’

এই তৃষ্ণা, এই তাড়না আছে বলেই তিনি তামিম। বাংলাদেশের অনেক কিছুতেই প্রথম ব্যাটসম্যান। তিন সংস্করণ মিলে আগেই ১১ হাজার রান হয়ে গেছে। কাল বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ঢুকে গেলেন ওয়ানডের ছয় হাজারি ক্লাবে। সনাৎ জয়াসুরিয়াকে টপকে এক মাঠে সবচেয়ে বেশি রানের রেকর্ডটাও করে নিয়েছেন নিজের। টানা তৃতীয় ফিফটিতে এতসব উপলক্ষ রাঙিয়ে পেলেন কাঙ্ক্ষিত ম্যান অব দ্য ম্যাচের ওই সোনালি ট্রফিও।

সব খেলোয়াড়ই যা পেতে চান। তামিম ইকবালের ক্ষেত্রে আলাদাভাবে বলার কারণ, ত্রিদেশীয় সিরিজের আগের দুই ম্যাচেও তিনি ছিলেন এটির দাবিদার। পাননি সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যের কারণে। কালও বল-ব্যাট হাতে প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন সাকিব। কিন্তু এবার তামিমের হাতেই উঠল স্টাম্পের গায়ে বল লেগে থাকা সোনালি স্মারক।

তামিম অবশ্য বলেছেন, ম্যাচসেরা হওয়ার সমান যোগ্য ছিলেন সাকিবও এবং সাকিব আবারও পেলে তাঁর মন খারাপ হতো না। আর পুরস্কারের চেয়ে যে স্বীকৃতির মর্যাদাই তাঁর কাছে বেশি, সেটি তো তামিম বলে রেখেছেন আগেই। ম্যাচসেরা হওয়ার চেয়ে তাই এগিয়ে রাখলেন ওয়ানডেতে ছয় হাজার রান এবং এক মাঠে সবচেয়ে বেশি রান করার গৌরবকে। এর মধ্যে আবার এগিয়ে দ্বিতীয়টি, ‘যেকোনো অজর্নই উদ্‌যাপন করা উচিত। তবে আমি মনে করি, একই ভেন্যুতে বেশি রান করার রেকর্ডটি একজন বাংলাদেশি হিসেবে আমার কাছে বেশি এগিয়ে থাকবে।’

সংবাদ সম্মেলনে তাই ম্যান অব দ্য ম্যাচ প্রসঙ্গ চাপা পড়ে গেল দ্রুতই। তবে মিরপুরের উইকেট হঠাৎই ব্যাটিং অবান্ধব হয়ে ওঠার প্রসঙ্গটি এল কয়েকবার। বিপিএলে মাঠ, উইকেটের সমালোচনা করে কঠিন শাস্তি পেয়েছেন। তাই বলে সবাই যে ফলটিকে ‘কলা’ বলে তামিম তো আর সেটিকে ‘আঙুর’ বলতে পারেন না! কালকের উইকেট নিয়ে তাঁর পর্যবেক্ষণ, ‘যখন স্পিনাররা এল, ব্যাট করাটা আসলেই কঠিন হয়ে গিয়েছিল। একটা বল টার্ন করে তো পরেরটা সোজা। ব্যাট করা আসলেই কঠিন ছিল।’

তবে অমন উইকেটেও তামিমের ভুল মাত্র একটি এবং সেই ভুলেই আউট। কঠিন উইকেটে সাকিবের ব্যাটিংয়ের প্রশংসা করলেন। আক্ষেপ শুধু ওই ভুলটা নিয়ে। গ্রায়েম ক্রেমার লেগ স্পিনার, তামিম বাঁহাতি ব্যাটসম্যান। আক্রমণে গেলে তামিমেরই সফল হওয়ার সম্ভাবনা বেশি। ওটা ভেবেই হঠাৎ ডাউন দ্য উইকেটে যাওয়া। কিন্তু হলো উল্টোটা। ম্যাচ শেষে সেটি বদলে দিল তামিমের উপলব্ধিও, ‘আরও পাঁচ-ছয়টা ওভার থেকে যদি আক্রমণ করতে যেতাম, তাহলে মনে হয় ভালো কিছু হতে পারত।’ এই ভালো কিছুর মধ্যে প্রথমেই থাকতে পারত তাঁর দশম ওয়ানডে সেঞ্চুরি, দলের রানটাও হতে পারত আরও বেশি।

আবার আরও কমও হতে পারত, যদি শেষ তিন উইকেটে যোগ না হতো ৪৬ রান। অনুশীলন ক্যাম্পে এবার লেজের দিকের ব্যাটসম্যানদের ব্যাটিং নিয়ে আলাদা কাজ হয়েছে। তামিমের চোখে এটি তারই সুফল, ‘৯, ১০, ১১ নম্বর ব্যাটসম্যানরা মিলেই প্রায় ৫০ রান করেছে। তারাই আসলে আজকের ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।’

কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার যে হঠাৎই বালুঘড়ির আকৃতি ধারণ করল, সেটি কেন? বাংলাদেশের দুই শর নিচে অলআউট হওয়ার আশঙ্কা তো জেগেছিল ১২ রানের ব্যবধানে মাহমুদউল্লাহ, সাব্বির আর নাসিরের আউটেই! অথচ কালই ভালো সুযোগ ছিল নায়ক হয়ে ওঠার। সুযোগ হাতছাড়া করায় তাঁদের জন্য সমবেদনা আছে তামিমের। সঙ্গে আশা, ‘পরের ম্যাচগুলোতে হয়তো তারা রান পাবে। ফিরে পাবে আত্মবিশ্বাস।’

তামিমের লক্ষ্যটা নিশ্চয়ই আরও নির্দিষ্ট। মাঘের ক্ষয়িষ্ণু শীতে ভর করে আসা ‘বসন্ত’ বরণে বাকি যে শুধু একটা সেঞ্চুরি!