হাথুরুর চলে যাওয়া নিয়ে যা বললেন স্ট্রিক

হিথ স্ট্রিকের সঙ্গে দুপুরে মাশরাফি বিন মুর্তজার দেখা হলো মাঝ উইকেটে। দুই বছর আগেও যিনি ছিলেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ, সেই স্ট্রিক এখন জিম্বাবুয়ের কোচ। প্রতিপক্ষের কোচ হয়েছেন, তাতে নিশ্চয়ই মাশরাফির সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্কে চিড় ধরেনি। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক স্ট্রিকের ক্যাটকেটে রেডিয়াম রঙের শর্টস ধরে তাই রসিকতা করলেন!
বিকেলে বাংলাদেশ দলের ড্রেসিংরুমের সামনে মুশফিকুর রহিমকে দেখেই জড়িয়ে ধরলেন স্ট্রিক। পরে বাংলাদেশ দলের ড্রেসিংরুমেও ঢুকে পড়লেন জিম্বাবুয়ের কোচ! আজ স্ট্রিককে দেখা গেল। কাল হয়তো চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও এমন সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ হবে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের। কেউ কেউ তাই ত্রিদেশীয় সিরিজটাকে বলছেন, ‘পুনর্মিলনী সিরিজ’!
পুনর্মিলনী অনুষ্ঠানে যেমন অতীত ঘটনা মূর্ত হয়ে ওঠে, মুহূর্তেই আজ স্ট্রিকের সংবাদ সম্মেলনেও তা-ই হলো। বাংলাদেশে থাকতে কাজ করেছেন হাথুরুর সঙ্গে। শ্রীলঙ্কান কোচ যেভাবে আকস্মিক বিদায় নিয়েছেন বাংলাদেশ থেকে, দূর থেকে স্ট্রিক কীভাবে দেখেছেন বিষয়টা? হাথুরুর বাস্তবতা বেশ অনুধাবন করতে পারছেন জিম্বাবুয়ে কোচ, ‘এখানে ছিলাম না, আমার তাই বলা কঠিন। দিন শেষে চন্ডিকা একজন শ্রীলঙ্কান। নিজ দেশকে কোচিং করানোর সুযোগ সব সময়ই বড় ব্যাপার। বাংলাদেশের অন্য কোনো কোচ যদি অন্য দেশে থাকে, তাকে এখানে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিলে সেটি হাতছাড়া করা তার খুব কঠিন হবে। বাংলাদেশের হয়ে চন্ডিকা খুব ভালো কাজ করেছে। তার কোচিংয়ে যে সাফল্য এসেছে, সেটি ভুলে যাওয়া ঠিক হবে না। তিন বছরের চুক্তি করেছিল। কিন্তু সে থাকে অস্ট্রেলিয়ায়, ওখানে তার পরিবার আছে। পরিবার থেকে দূরে থাকা কঠিন। আর নিজ দেশকে কোচিং করানো সব সময়ই সম্মানের। সবাই চায় নিজ দেশের কোচ হতে।’
স্ট্রিক নিজেও কাজ করছেন তাঁর দেশের হয়ে। হাথুরুর ভাবনাকে তিনি তাই ইতিবাচকভাবে দেখছেন। তবে জিম্বাবুয়ে কোচ মেনে নিচ্ছেন পুনর্মিলনীর এই সিরিজে তাঁর দল খেলবে আন্ডারডগ হয়ে, ‘আমাদের এখনো অনেক দূর যেতে হবে। এই সিরিজে আমরা আন্ডারডগ। তবে এখনো মনে করি দলে দুর্দান্ত খেলোয়াড় আছে। আমাদের এখন জিম্বাবুয়ে দলটাকে এগিয়ে নিতে হবে। গত বছর শ্রীলঙ্কাকে দেখিয়েছি দেশের বাইরেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। খুবই তৃপ্তিদায়ক ছিল সেটা। তবে দল হিসেবে আমাদের এখনো অনেক দূর যেতে হবে।’