হাথুরুর না
কোন উইকেটে হবে মিরপুরের প্রথম টেস্ট? কেমন হবে উইকেটের আচরণ? স্পিনটা কি একটু বেশিই ধরবে?
উত্তরগুলো খুঁজতে এমনকি বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহের শরণাপন্নও হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। পরশু অস্ট্রেলিয়ান হাইকমিশনে এক অনুষ্ঠানে হাথুরুসিংহের সঙ্গে দেখা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। হাথুরুসিংহে একসময় কোচ ছিলেন অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের। ওই দলেই খেলেন অফ স্পিনার নাথান লায়ন। সেই সূত্রেই সাবেক গুরুর কাছে লায়ন জানতে চেয়েছিলেন শেরেবাংলা স্টেডিয়ামের কোন উইকেটে খেলা হবে। হাথুরুসিংহে নাকি কিছুই বলেননি সাবেক ছাত্রকে।
কাল সকালে শেরেবাংলা স্টেডিয়ামে উইকেট দেখতে এসেই ওই ঘটনার কথা বললেন লায়ন। ২৪৭টি টেস্ট উইকেটের মালিকের ধারণা, বাংলাদেশের কোচ ইচ্ছে করেই হয়তো বলেননি কোন উইকেটে খেলা হবে, ‘আমি উইকেট দেখেছি, তবে বুঝতে পারছি না কী হবে। গত রাতে (পরশু) বাংলাদেশের কোচের সঙ্গে কথা বলেছি। তিনি তো কোন উইকেটে খেলা হবে, সেটাই বললেন না।’
কাল শেরেবাংলায় অনুশীলন করতে এসে উইকেট দেখতে যান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথসহ আরও কয়েকজন ক্রিকেটার। কাভার সরিয়ে রাখা দুটি উইকেটের একটি খুঁটিয়ে দেখেন তাঁরা। ক্রিকেট অস্ট্রেলিয়া।