হাথুরুর পরীক্ষায় 'ঢাল' মাশরাফি

একসঙ্গে চারজনের অভিষেক। পাঁচটি পরিবর্তন। ম্যাচ জিতে গেলে এ রকম সিদ্ধান্তকে মনে হবে তুরুপের তাস। আর হারলে যাঁরা সিদ্ধান্তগুলো নিয়েছেন, অবশ্যম্ভাবীভাবেই কাঠগড়ায় দাঁড়াতে হবে তাঁদের।
ম্যাচের পরের সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহে এলেই ভালো ব্যাখ্যা দিতে পারতেন এসবের। জিম্বাবুয়ের বিপক্ষে পরীক্ষা-নিরীক্ষার সিরিজে চমকে দেওয়া সিদ্ধান্তগুলো যে মূলত তাঁরই নেওয়া! কিন্তু কালও খেলা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কোচের পরীক্ষা-নিরীক্ষায় তাঁর সমর্থন যতটুকুই থাক, সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের পক্ষে ঢাল ধরতে হলো মাশরাফিকে।
একসঙ্গে চার ক্রিকেটারের অভিষেক একটু বাড়াবাড়ি কি না, জানতে চাইলে যেমন একটা ব্যাখ্যা দিতে চাইলেন অধিনায়ক। সিদ্ধান্তটাকে সরাসরি ‘ভুল’ না বলে তুলে ধরলেন পরিকল্পনা কাজে লাগাতে পারার ব্যর্থতা, ‘আমি মনে করি মাঠে পরিকল্পনাগুলো আমরা ভালোভাবে কাজে লাগাতে পারিনি। সেসব পরিকল্পনা ছিল ব্যাটি-বোলিং-ফিল্ডিং সব জায়গায়। সে জন্যই ম্যাচটা হেরেছি।’ ম্যাচের মাঝে আসা বৃষ্টিরও দায় দেখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘বৃষ্টির কারণে বোলিংয়ের সময় আমাদের বল গ্রিপ করতে কষ্ট হয়েছে। পরে আউট ফিল্ড শুকিয়ে যাওয়ায় তাদের সে সমস্যাটা হয়নি।’
তারপরও উইকেট যে রকম ছিল, তাতে ১৮৭ রান অতিক্রমযোগ্যই নাকি মনে হচ্ছিল তাঁর কাছে। তবে বলেছেন, জিম্বাবুয়ের রান আরও ১০-১৫টি কম হলে কাজটা সহজ হতো।
অভিষেক ম্যাচে চার নম্বরে প্রত্যাশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক হোসেন। সে জায়গায় সাকিব আল হাসানকে ব্যাটিংয়ে পাঠালে ম্যাচের চিত্র অন্য রকম হতে পারত বলে মনে হচ্ছিল মাঠের বাইরে থেকে। মাশরাফি দায়মুক্তি দিলেন এই পরীক্ষাটাকেও, ‘সাকিবকে অবশ্যই চারে নামানো যেত। কিন্তু এটা করা হয়েছে ওই পজিশনে ওই খেলোয়াড় কী করতে পারে সেটা দেখার জন্য।’ ব্যাপারটা যেন আইসিইউতে শুয়ে থাকা কোনো রোগীর মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দেখার চেষ্টা, তিনি ওই পরিস্থিতিতে বেঁচে থাকতে পারেন কি না। পরে অবশ্য অধিনায়ক বলেছেন, ‘ভবিষ্যতে এই জায়গাগুলোতে চোখ রাখতে হবে।’
৩১ রানে হারা কালকের ম্যাচ থেকে কিছু ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছেন মাশরাফি। পেসার আবু হায়দারের বোলিং, সাব্বির রহমানের ফিফটি তার মধ্যে উল্লেখযোগ্য। আগামীকালের শেষ ম্যাচে খণ্ড খণ্ড এই প্রাপ্তিগুলোই সাহস দিচ্ছে অধিনায়ককে। সিরিজ জিততে যে ম্যাচে জেতার বিকল্প নেই, তার সামনে দাঁড়িয়েও তাই অনুভব করছেন না কোনো চাপ, ‘আমি মনে করি না যে কোনো চাপ আছে। এর চেয়ে বেশি চাপেও তো আমরা ক্রিকেট খেলেছি। জয়টাই আমাদের মূল লক্ষ্য। সঙ্গে ভালো পরিকল্পনাও থাকতে হবে।’
পরীক্ষা-নিরীক্ষা জিম্বাবুয়েও কম করছে না। বাংলাদেশ তো তবু প্রথম দুই ম্যাচে একই দল খেলাল, তাদের দলে তো পরিবর্তনের হাওয়া দ্বিতীয় ম্যাচ থেকেই! এক ম্যাচ খেলিয়ে ‘বিশ্রামে’ রাখা হয়েছে অধিনায়ক এলটন চিগুম্বুরাকেও। তবে কালকের জয় দলটাকে দেখাচ্ছে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন।
আগামীকাল জিতলে বাংলাদেশ সিরিজ জিতবে, জিম্বাবুয়ে জিতলে সিরিজ ড্র। ২-০তে পিছিয়ে থেকেও তা করতে পারলে, সেটাই হবে দলটার জন্য জয়ের সমান। ম্যান অব দ্য ম্যাচ হয়ে সংবাদ সম্মেলনে ম্যালকম ওয়ালার ওই লক্ষ্যের কথাই বললেন, ‘শেষ ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। আজ (গতকাল) যা করেছি, পরের ম্যাচেও আমরা ঠিক সেগুলোই করার চেষ্টা করব। তাহলেই আশা করি সিরিজ ড্র করা সম্ভব।’