হাথুরুর বিশ্বাস, এখনও সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট ক্রিকেটের রোমাঞ্চে রোমাঞ্চিত হাথুরুসিংহেও
টেস্ট ক্রিকেটের রোমাঞ্চে রোমাঞ্চিত হাথুরুসিংহেও

টেস্ট ক্রিকেট যেন রোমাঞ্চের ডালি সাজিয়ে উপস্থিত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগামীকাল শেষ দিনে দুই দিকেই যেতে পারে ফলাফল। হয় বাংলাদেশ জিতবে, নয়তো ইংল্যান্ড। বাংলাদেশের প্রয়োজন ৩৩ রান, ইংল্যান্ডের ২ উইকেট।
শ্রীলঙ্কার হয়ে ২৬টি টেস্ট ম্যাচ খেলেছেন চন্ডিকা হাথুরুসিংহে। এর বাইরেও জীবনে অনেক টেস্ট ম্যাচ তিনি দেখেছেন। কিন্তু সব মিলিয়েও নাকি বাংলাদেশ-ইংল্যান্ড চলতি টেস্টটা তাঁর দেখা অন্যতম সেরা। টেস্ট ক্রিকেটকে এমন রোমাঞ্চের মোড়ে দাঁড়িয়ে থাকতে খুব বেশি দেখেননি তিনি। ‘এটাই টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ, সৌন্দর্য। আমার দেখা অন্যতম সেরা ম্যাচ এটি। দুই দলের পারফরম্যান্সই আমার খুব ভালো লাগছে’— চতুর্থ দিনের খেলা শেষে বলেছেন এই শ্রীলঙ্কান।
হাথুরুসিংহে বাংলাদেশের কোচ। বাংলাদেশের পারফরম্যান্স ভালো হলে তাঁর ভালো লাগবেই। তাই বলে ইংল্যান্ডের পারফরম্যান্সও! আসলে খেলাটাই এমন যে, এর রোমাঞ্চ অনেক সময় পক্ষ-বিপক্ষ ভুলিয়ে ক্রিকেটের সৌন্দর্যটাকেই বড় করে তোলে। চট্টগ্রাম টেস্টের রূদ্ধশ্বাস অনিশ্চয়তা এখন সেই সৌন্দর্যই ছড়াচ্ছে। বাংলাদেশের জয় কোচের একমাত্র চাওয়া তো বটেই। একই সঙ্গে ক্রিকেট-সৌন্দর্যের পিপাসু বলে প্রশংসা করলেন ইংল্যান্ডেরও। রোমাঞ্চকর একটা টেস্ট উপহার দেওয়ার কৃতিত্ব তো তাদেরও!
তবে শেষ দৃশ্যটা এত নাটকীয় হয়ে উঠবে, সেটা টেস্টের শুরুতে কারও ভাবনায়ই আসেনি। দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডের বিপক্ষে ১৪ মাস পর টেস্ট খেলতে নামা বাংলাদেশ দলের কাঁপাকাঁপিটাই বরং কল্পনায় বেশি এসেছে। কিন্তু খেলা শুরু হওয়ার পর থেকেই ভুল প্রমাণিত হতে লাগল সেটা। ইংল্যান্ডের সঙ্গে সমানতালে লড়াই করে এখন বাংলাদেশও টেস্ট জয়ের দাবিদার।
কৃতিত্বটা বোলার-ব্যাটসম্যান সবার। তবে চতুর্থ দিনের ব্যাটিং দুরূহ উইকেটে ব্যাটসম্যানদের লড়াইয়ে একটু বেশিই সন্তুষ্ট কোচ, ‘কন্ডিশন বিবেচনা করলে বেশির ভাগ সময় আমরা বুদ্ধিদীপ্ত ব্যাটিং করেছি। অন্য উইকেটে যেরকম ব্যাটিং করা যায়, এখানে সেভাবে ব্যাটিং সম্ভব নয়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে।’ টেস্টের প্রথম তিন দিনের অভিজ্ঞতা থেকে উইকেটের চরিত্রও বিশ্লেষণ করলেন হাথুরুসিংহে, ‘নতুন বলে খেলাটা চ্যালেঞ্জিং ছিল। বল একটু নরম হওয়ার পরই ব্যাটসম্যানরা খেলতে পেরেছে। এরপর শুরু হয় রিভার্স সুইং।’
কোচের বিশ্বাস, শেষ দিন সকালে ১০-১৫ ওভার ব্যাট করতে পারলেই লক্ষ্যে পৌঁছে যাবে বাংলাদেশ। তাই বলে ১০-১৫ ওভারের মধ্যেই জেতার তাড়া নেই। হাথুরুসিংহের ভাষায়, ‘মাঠে গিয়ে আমরা যতটা প্রয়োজন সময় নেব। ব্যাটিং করার জন্য আমাদের হাতে ৯০ ওভারই আছে।’