হাথুরুর ভাবনায় তিন দিনের ম্যাচ
সম্ভাব্য প্রথম তারিখটি ছিল ১০ অক্টোবর। ঈদ-পরবর্তী সময়ের লাগোয়া হয়ে যায় বলে পরে শুরুর তারিখ ঠিক করা হলো ১৪ অক্টোবর। কিন্তু এই তারিখেও সম্ভবত শুরু হচ্ছে না ঢাকা প্রিমিয়ার লিগ। জিম্বাবুয়ে সিরিজের আগে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে চান জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেই ম্যাচটি হওয়ার সম্ভাবনাও প্রবল। সে ক্ষেত্রে ঢাকা প্রিমিয়ার লিগের সূচনা পিছিয়ে যেতে পারে আরও দিন দশেক। চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী পরশু বিসিবির নির্বাহী কমিটির সভায়।
তিন টেস্ট ও ৫ ওয়ানডের সিরিজ খেলতে আগামী ১৭ অক্টোবর বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণার সম্ভাব্য তারিখ ১০ অক্টোবর। ১২ অক্টোবর ফিটনেস টেস্ট দিয়ে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। হাথুরুসিংহে ম্যাচটি খেলতে চান ১৬-১৮ অক্টোবর। দুই দল মিলিয়ে ২৬ বা ২৮ জন ক্রিকেটারকে লাগবে ওই ম্যাচের জন্য। ধারণা করা হচ্ছে, শীর্ষ ২৮ জন ক্রিকেটারকে ছাড়া লিগ শুরু করতে রাজি হবে না বড় ক্লাবগুলো। সে ক্ষেত্রে হয়তো পিছিয়েই যাবে লিগ।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের প্রধান আ জ ম নাসির এমনিতে লিগ পেছাতে চান না। আবার না পিছিয়ে উপায়ও দেখছেন না। সিদ্ধান্তটি তাই ছেড়ে দিয়েছেন বোর্ডের ওপর, ‘জাতীয় স্বার্থ তো আমাদের দেখতেই হবে। কোচ চাইছেন তিন দিনের ম্যাচটি খেলাতে। ওখানে অনেক ক্রিকেটার খেলবে। এতজনকে ছাড়া তো বড় ক্লাবগুলো খেলতে চাইবে না। আবার লিগ পেছালে ক্যাম্প শুরু করা ক্লাবগুলোর খরচও বেড়ে যাবে। এ জন্যই আমি বোর্ডের ওপর ছেড়ে দিয়েছি সিদ্ধান্ত। বড় ক্লাবগুলোর কর্তারাই আছেন বোর্ডে। ওনারা খেলতে চাইলে লিগ যথাসময়েই হবে। খেলতে না চাইলে পেছাবে।’
পিছিয়ে গেলে লিগ শুরুর সম্ভাব্য তারিখ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট শুরুর দিন, ২৫ অক্টোবর।