হাথুরুর সঙ্গে আরও দুই লঙ্কান
আগে থেকেই ছিলেন দুই শ্রীলঙ্কান। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং ট্রেনার মারিও ভিল্লাভারায়নের পর এবার জাতীয় দলের কোচিং স্টাফে যোগ হতে যাচ্ছেন আরও দুই শ্রীলঙ্কান রুয়ান কালপাগে ও পিয়াল বিজেতুঙ্গে।
শ্রীলঙ্কার হয়ে একটি টেস্ট খেলা বাঁহাতি স্পিনার পিয়াল বিজেতুঙ্গে বাংলাদেশ দলের স্পিন কোচ হচ্ছেন, সেটা শোনা গিয়েছিল আগেই। কাল বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস নিশ্চিত করলেন, আরেক সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার রুয়ান কালপাগেও যোগ হচ্ছেন বাংলাদেশ দলের সঙ্গে। শ্রীলঙ্কার হয়ে ১১টি টেস্ট ও ৮৬টি ওয়ানডে খেলা কালপাগে দায়িত্ব নেবেন ফিল্ডিং কোচের।
এর আগে বিসিবি একাডেমির হেড কোচ থাকার সময়ও কিছুদিন জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন কালপাগে। কিন্তু ২০১০ সালে বিসিবির চাকরি ছেড়ে তিনি যোগ দেন শ্রীলঙ্কা দলের ফিল্ডিং কোচ হিসেবে। কালপাগে এবং পিয়াল দুজনই বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আগামী দুই বছরের জন্য। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁদের।
কালপাগে ও পিয়ালের চাকরি নিশ্চিত হওয়ায় বাংলাদেশ দলের সাত সদস্যের কোচিং স্টাফের চারজনই হয়ে গেলেন শ্রীলঙ্কান। শ্রীলঙ্কান নন পেস বোলিং কোচ হিথ স্ট্রিক, কম্পিউটার বিশ্লেষক নাসির আহমেদ ও ফিজিও বিভব সিং। কোচিং স্টাফে একই দেশ থেকে এত বেশি সদস্য নেওয়ার ব্যাপারে নাকি খোদ বিসিবিতেই মতান্তর আছে! ‘সব একই দেশ থেকে এলে ছুটি-ছাটার সময় ঝামেলা হয়। তাদের উৎসব, পালা-পার্বণগুলো একই সময়ে হয় বলে সবাইকে ছুটিও দিতে হয় একসঙ্গে’—বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালক। এটা বোঝার পরও কোচিং স্টাফে চার শ্রীলঙ্কান কেন? ‘কোচ হাথুরুসিংহেও এমনটাই চান...’—বলেছেন ওই পরিচালক।
বাংলাদেশ দলের সঙ্গে যখন যোগ দিচ্ছেন আরও দুই শ্রীলঙ্কান, তখনই বিদায়ের সুর বেজে উঠেছে ফিজিও বিভব সিংয়ের। পারিবারিক কারণে বাংলাদেশ দলের সঙ্গে আর থাকতে পারছেন না বলে বিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিভব থাকছেন। তাঁর জায়গায় নতুন কাউকে আনার প্রক্রিয়া এখনো শুরু করেনি বিসিবি। জালাল ইউনুস অবশ্য জানিয়েছেন, ‘বিভব সিং চলে যাওয়ার পরও নতুন কাউকে পাওয়ার আগ পর্যন্ত একাডেমির অস্ট্রেলিয়ান ফিজিও ব্রেট হ্যারপ জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে কাজ করবেন।’