হাথুরুসিংহে স্ট্রাইকস!

শীতে সূর্য দ্রুত ঢলে পড়ে পশ্চিমে। সাততাড়াতাড়ি কেটে পড়তে পারলেই যেন বাঁচে। আর ফ্লাড লাইটগুলোরও পুরো জ্বলজ্বলে হতে সময় লাগে ঢের। এ কারণে দুপুর রোদ হেলে পড়তে পড়তেই জ্বালিয়ে দেওয়া হয় সব কটি বানআলোর বাতি। আজ দিবারাত্রির ম্যাচে ফ্লাডলাইট জ্বালানোর সুযোগই হলো না। দুপুরেই যে খেলা শেষ! অফিসে হাজিরা দিয়েই মতিঝিল থেকে যে ভদ্রলোক মিরপুরের বাসে উঠে পড়েছেন, কেউ তাঁকে ফিরে যেতে বলুন। খামোখা বসের বকুনি আর এইচআরের চিঠি হজম করার দরকারটা কী!
এমনিতেই দর্শক কম। তার ওপর একটা বড় অংশের দর্শক আসেই একটু বেলা করে। তারা কেউ খোঁজ না নিয়ে হুট করে গ্যালারিতে ঢুকে পড়লে বোকা বনে যাবে। মোবাইলের ঘড়িতে প্রথমে সময় দেখবে, ভাববে এখনো খেলা শুরু হয়নি নাকি! তারপর খুঁজবে তারিখ, ভুল দিনে চলে এলাম! না ভাই, আপনার নয়, এ বাংলাদেশের ক্রিকেটেরই ভুল দিন!
শ্রীলঙ্কার জন্য এ ছিল বাঁচামরার ম্যাচ। আর তাতেই যেন তারা সবচেয়ে আগ্রাসী হয়ে উঠল। বাংলাদেশকে ইনিংসের আধেক ২৫ ওভারও খেলতে দিল না। নিজেরা ১২ ওভারও খেলার প্রয়োজন বোধ করল না। সব মিলে ৩৬ ওভার স্থায়ী ম্যাচের টিকিট হাতে নিয়ে বোকা বোকা ভঙ্গিতে বেরোচ্ছিল যে কিশোর, তাকে বলতে ইচ্ছে হলো, এটা লর্ডস বা মেলবোর্ন নয় বাছা। হলে টিকিটের আধেক টাকা অন্তত রিফান্ড পেতে। কে জানে, বেচারা টিফিনের পয়সা বাঁচিয়ে টিকিটটা কিনেছিল কি না।
বাংলাদেশের একটা অংশের মানুষ যে কোচ হিসেবে তাঁকে বোগাস, অতিমূল্যায়িত মনে করে, সামাজিক মাধ্যমের এই ক্যাচালি যুগে তা কি আর হাথুরুসিংহে জানেন না! তাঁর সময়ে বাংলাদেশের ক্রিকেটে স্মরণাতীত সাফল্য পেয়েছে। টেস্টে দুর্বোধ্য উইকেট বানিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছে। আর এর জন্য বরাদ্দ প্রশংসা, কৃতিত্ব; একই সঙ্গে হাথুরুর বেতনটাও বেশি হয়ে গেল কি না, এ নিয়েও আলোচনাটা ঠিক গোপন ছিল না।
প্রথম ম্যাচে হাথুরু বনাম বাংলাদেশের লড়াইটায় বাংলাদেশ নির্দয়ের মতো হারিয়েও দিয়েছে শ্রীলঙ্কাকে। লজ্জাজনক পরাজয়ই ছিল সেটা। আজ হাথুরু পাল্টা জবাব দিলেন। পেরেরা-লাকমলরা একটি করে উইকেট নিচ্ছিলেন; প্রেসবক্স লাগোয়া ধারাভাষ্য কক্ষ থেকে ফলস ওয়াল ভেদ করে আতহার আলী খানদের চড়া আওয়াজও শোনা যাচ্ছিল, শ্রীলঙ্কা স্ট্রাইকস এগেইন...কিন্তু কানে কেন জানি অনূদিত হচ্ছিল হাথুরু স্ট্রাইকস...!
সিরিজ শুরুর আগে দুই দল যা বলে গেছে, এখনো জিজ্ঞেস করলে একই উত্তর মিলবে। না, এ লড়াই হাথুরু বনাম বাংলাদেশ নয় কিছুতেই। বাংলাদেশ তো সেই কবেই হাথুরুকে শুভকামনা জানিয়েছে। আর হাথুরুও নতুন পরিবার নিয়ে পুরোনো সংসারে এসে প্রথম কথাটাই বলেছেন, বাংলাদেশে ক্রিকেটের প্রতি শুভকামনা তাঁর সব সময়ই থাকবে। এখানে অন্য কিছু সাংবাদিকেরাই বা কেন খুঁজবে!
তবে দুই পক্ষ মুখে যা-ই বলুক, প্রাক্তন সম্পর্কের প্রতি টান আর ঈর্ষা দুটোই থাকে। এ যেন জয় গোস্বামীর ‘প্রাক্তন’। ব্যাকুলতা নিয়ে জানতে চাওয়া, ‘ঠিক সময়ে অফিস যায়? ঠিকমতো খায় সকালবেলা?’ তবে পরের লাইনটাই বেশি সত্যি, ‘বেশ হয়েছে, উচিত শাস্তি। অত কাণ্ড সামলাবে কে!’
ফাইনালের আগে তাই বাংলাদেশকে বেসামাল করতেই চেয়েছিলেন হাথুরু। শুধু তো ফাইনাল নয়; শনিবারের আগে একটা অশনিসংকেত শোনানো নয়; লড়াইটা আরও যে বাকি। এরপর টেস্ট আছে, টি-টোয়েন্টি সিরিজও।
আর তাতেই শ্রীলঙ্কা ২২৯ বল হাতে রেখে জিতল। ২০০৭ সালে নিউজিল্যান্ড বাংলাদেশকে হারিয়েছিল মাত্র ৬ ওভার খরচ করে। তার পর এটাই বাংলাদেশের সবচেয়ে তাড়াতাড়ি হেরে যাওয়া।
তাড়া যেন শ্রীলঙ্কারই ছিল বেশি। এমনকি এমন ভুতুড়ে ম্যাচের পর কীইবা বলার থাকে এমন ভঙ্গিতে শুরু হওয়া বাংলাদেশের প্রেস কনফারেন্স শেষ হওয়ার আগেই লঙ্কান খেলোয়াড় এসে হাজির। ভাবখানা এমন, আজ যা বলার আমরাই তো বলব!
একদিক দিয়ে ভালোই হলো। লজ্জার প্রতিশোধে লজ্জা উপহার দিয়ে লড়াইটা জমিয়ে তুলল শ্রীলঙ্কা। দুদিন পরের ফাইনালটা তাই জমজমাট হতে চলেছে সন্দেহ নেই। এবার যদি টিকিট বিক্রি বাড়ে!
বাংলাদেশ এটিকে ‘ওয়ান ব্যাড ডে অ্যাট অফিস’ হিসেবেই নিচ্ছে। নিচ্ছে গা ঝাড়া দিয়ে ওঠার সংকেত হিসেবেও। ট্রাম্পের ওপর ওভার ট্রাম্প করেছেন হাথুরু। এখন কার হাতে ইশকাবনের টেক্কা, সেটাই দেখার!