হাথুরুসিংহেকে মনে রেখেছেন স্মিথ

বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচে তাসকিন আহমেদ থাকবেন না, থাকবেন না আরাফাত সানিও। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে দলের এই দুই গুরুত্বপূর্ণ সদস্যকে হারানোটা বাংলাদেশ দলের জন্য কাগজে-কলমে বিশাল ধাক্কা, সন্দেহ নেই। ব্যাপারটা বাংলাদেশ দলকে কতটা বিপর্যস্ত করেছে, তার প্রমাণ ভালোভাবেই পাওয়া গেছে রোববার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সংবাদ সম্মেলনে। কিন্তু অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভেন স্মিথ মনে করেন, এই দুই বোলারের অনুপস্থিতি খুব বড় প্রভাব রাখবে না আজকের লড়াইয়ে। এই বাংলাদেশ যে কাউকেই চ্যালেঞ্জ জানাতে পারেন, সেটাও বলেছেন স্মিথ। আর বদলে যাওয়া বাংলাদেশের সেই কৃতিত্বের অনেকটাই দিচ্ছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে।
এই অস্ট্রেলিয়ার অনেককেই খুব কাছ থেকে দেখেছেন হাথুরুসিংহে। ২০১১ সাল থেকে তিন বছর অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলস দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এই শ্রীলঙ্কান। এক সময় স্টিভেন স্মিথেরই ‘গুরু’ ছিলেন। শুধু স্মিথই নন, অস্ট্রেলিয়ার বর্তমান দলের উসমান খাজা, পিটার নেভিলকেও নিউ সাউথ ওয়েলস দলে খুব কাছ থেকে দেখেছেন হাথুরু। স্মিথের হৃদয়েও যে হাথুরুসিংহে বেশ ভালোভাবেই আছেন, সেটা তিনি জানিয়ে দিলেন সংবাদ সম্মেলনেই, ‘নিউ সাউথ ওয়েলস দলের কোচ হিসেবে আমার ওপর তাঁর যথেষ্ট প্রভাব ছিল। আমি তাঁর কাছ থেকে অনেক কিছুই শিখেছি। তিনি খেলাটা খুব ভালো বোঝেন। ম্যাচের পরিস্থিতি, কন্ডিশন—এসব খুব তাড়াতাড়ি আয়ত্তে নিয়ে নেন। আর এটা তো প্রমাণিতই যে হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ এখন এক সমীহ-জাগানিয়া দল।’
শক্তির মানদণ্ডে বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে আছে অনেকটাই। তবে স্মিথের মতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জই, ‘গত দুই বছরে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। এই দলটি বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হয়েই আবির্ভূত হবে। বাংলাদেশ এখন আন্তর্জাতিক ক্রিকেটের এক লড়াকু দল।’ সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া, ডেইলি টেলিগ্রাফ।