হাথুরু-স্ট্রিকের জন্য গানম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে ইতালিয়ান নাগরিক সিজার তাবেলার পর রংপুরে খুন হলেন জাপানের কুনিও হোশি। এই দুটি ঘটনায় বিদেশি কোচিং স্টাফদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছে বিসিবি। জাতীয় দলের শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও জিম্বাবুইয়ান পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের নিরাপত্তায় তাই আজ থেকে নিয়োজিত হচ্ছেন দুজন ‘গানম্যান’।
কাল রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা হোসেন ইমাম, ‘চন্ডিকা হাথুরুসিংহে ও হিথ স্ট্রিকের নিরাপত্তার জন্য আমরা পুলিশের কাছ থেকে দুজন গানম্যান নিয়েছি। কাল (আজ) থেকেই তারা দায়িত্ব পালন শুরু করবেন।’ গানম্যানরা মূলত রাস্তায় চলাচলের সময়ই কোচদের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
কোচদের গানম্যানের প্রয়োজনীয়তা অবশ্য খুব বেশি দিন থাকার কথা নয়। আপাতত আন্তর্জাতিক খেলা বা অনুশীলন নেই বলে হাথুরুসিংহে, স্ট্রিকসহ জাতীয় দলের সব বিদেশি কোচিং স্টাফই ছুটির আবেদন করেছেন বিসিবির কাছে। ডাকলেই ঢাকায় ফিরতে হবে, এমন শর্ত দিয়ে বিসিবিও তাদের ছুটি মঞ্জুর করছে বলে খবর। তবে মাশরাফি ও তাসকিনের ফিটনেস ট্রেনিংয়ের জন্য ঢাকাতেই থেকে যেতে পারেন শ্রীলঙ্কান ফিজিও মারিও ভিল্লাভারায়েন।
ইংলিশ ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল অবশ্য ‘ছুটি’ নিয়ে ঢাকা ছেড়েছেন আরও দুদিন আগে। তাঁর যাওয়ার পোশাকি কারণটা ‘জাতীয় দলের আপাতত কোনো কাজ না থাকা’ হলেও আসল কারণ নাকি নিরাপত্তা-ভীতি। হ্যালসল যে এর মধ্যেই ইংল্যান্ড ফিরে গেছেন, সেটা কাল বিকেলে সাংবাদিকদের কাছেই প্রথম শোনেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
একাডেমির অস্ট্রেলিয়ান ফিজিও ব্রেট হর্প এবং হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের অস্ট্রেলিয়ান মহাব্যবস্থাপক স্টুয়ার্ট কার্পিনেনও এখন আছেন ছুটিতে। এইচপির ক্যাম্প আপাতত শেষ হয়ে যাওয়ায় সপরিবারে কার্পিনেন অস্ট্রেলিয়া ফিরে যান নিরাপত্তা সতর্কতা জারির আগেই। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, হর্পেরও পরিবার নিয়ে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্য ছুটি কাটানো।