হানিফ-সতীর্থ ইমতিয়াজের বিদায়
বেশি দিন না, এই আগস্টেই বিদায় জানিয়েছেন হানিফ মোহাম্মদকে। সতীর্থকে বিদায় বলে নিজেও খুব বেশি দিন থাকলেন না ইমতিয়াজ আহমেদ। ২০১৬ সালের শেষ দিনে পৃথিবীর মায়া কাটালেন কাল পর্যন্ত পাকিস্তানের সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার। বুকের সংক্রমণে ভুগতে থাকা ইমতিয়াজ বিদায় বললেন ৮৯তম জন্মদিনের মাত্র পাঁচ দিন আগে।
পাকিস্তানের টেস্ট অভিষেকে তাঁরও টেস্ট অভিষেক। ব্যাটসম্যান হিসেবে দলে ঢোকা ইমতিয়াজের ভূমিকা বদলে গিয়েছিল চতুর্থ টেস্টে। হানিফ মোহাম্মদের বদলে কিপিং গ্লাভস তুলে দেওয়া হয়েছিল ইমতিয়াজের হাতে। ৪২ টেস্টের ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত সে দায়িত্ব পালন করেছেন। ঢাকার মাঠেও পাঁচটি টেস্ট খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ক্যারিয়ারে ২ হাজার ৭৯ রানের পাশাপাশি ৭৭টি ক্যাচ ও ১৬টি স্টাম্পিং ছিল তাঁর। ইমতিয়াজের বিদায়ে পাকিস্তানের প্রথম টেস্ট দলটির শুধু একজনই (ওয়াকার হাসান) টিকে রইলেন। ক্রিকইনফো।