হাফিজ-আকমলদের বরণ করে নিল 'শেম' 'শেম'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে ফিরে তিক্ত অভ্যর্থনাই পেল পাকিস্তান ক্রিকেট দল। ছবি: ফাইল ছবি
দেশে ফিরে তিক্ত অভ্যর্থনাই পেল পাকিস্তান ক্রিকেট দল। ছবি: ফাইল ছবি

অভ্যর্থনাটা যে খুব সুখকর হবে না সেটা নিজের অভিজ্ঞতা থেকেই জানতেন শহীদ আফ্রিদি। সে কারণেই হয়তো এখনই দেশে না ফিরে দুবাইয়ে কিছুদিন থেকে যাওয়াকে শ্রেয় মনে করেছেন তিনি। কিন্তু পাকিস্তান ক্রিকেট দলের বাকি সদস্যরা অভ্যর্থনার তেতো স্বাদ থেকে রেহাই পাননি।

দলের খেলোয়াড়দের কেউ নেমেছেন করাচিতে, কেউ লাহোরে। কিন্তু দুই শহরেই সমর্থকেরা খেলোয়াড়দের উদ্দেশে জানিয়ে দিয়েছেন নিজেদের ক্ষোভ। লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যানেজার ইন্তিখাব আলমের সঙ্গে ছিলেন ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইরফান, উমর আকমল, আহমেদ শেহজাদ। বিমানবন্দরের বাইরে কয়েক শ সমর্থক তাদের উদ্দেশে শেম-শেম (লজ্জা-লজ্জা) বিদ্রূপের স্লোগান দেন। এ সময় খেলোয়াড়দের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তুলে দেওয়া হয় নিজেদের গাড়িতে।

একই ধরনের অভিজ্ঞতা হয়েছে সরফরাজ আহমেদ, শারজিল খান, আনোয়ার আলীদের। করাচির কায়েদে আজম বিমানবন্দরে তাঁরাও সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন।

এ মাসের শুরুতে বাংলাদেশ ও ভারতের কাছে হেরে এশিয়া কাপের ফাইনালে উঠতে ব্যর্থ পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজেদের ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে সেমিতে উঠতে ব্যর্থ হয়ে। অধিনায়ক আফ্রিদির ফর্মও পাকিস্তানের সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি করেছে একরাশ ক্ষোভ। টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারটাও কিছুতেই মেনে নিতে পারছেন না সাধারণ ক্রিকেট-প্রেমীরা।


পাকিস্তানি ​ক্রিকেটারদের অবশ্য বড় টুর্নামেন্ট থেকে এভাবে দেশে ফেরা নতুন কিছু নয়। সূত্র: পিটিআই।