হাফিজকে প্রস্তাবই দেয়নি চিটাগাং ভাইকিংস
মোহাম্মদ আমির আছেন বলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চিটাগাং ভাইকিংসে খেলবেন না মোহাম্মদ হাফিজ—পাকিস্তানের উর্দু দৈনিক ‘জং’-এর বরাত দিয়ে এমন একটি সংবাদ প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো শীর্ষস্থানীয় ভারতীয় পত্রিকাগুলো। কিন্তু, বিপিএলে চট্টগ্রামের এই ফ্র্যাঞ্চাইজি নাকি মোহাম্মদ হাফিজকে আদতে কোনো প্রস্তাবই দেয়নি!
চিটাগাং ভাইকিংসের উপদেষ্টা আকরাম খান হাফিজের এমন কথাবার্তাতে বিস্ময়ই প্রকাশ করেছে। প্রথম আলোকে এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা তো হাফিজকে কোনো আমাদের দলে খেলার কোনো প্রস্তাবই দিই নি। সে কীভাবে এসব কথা বলে? আকরাম বলেন, ‘আমাদের দলে বিদেশি খেলোয়াড়দের তালিকা সবাই আগেই পেয়েছেন। আমাদেরও নতুন করে আর কোনো বিদেশি খেলোয়াড়ের দরকার নেই।’
হাফিজের মন্তব্যে বিস্মিত চিটাগাং ভাইকিংসের ‘আইকন’ তামিম ইকবালও, ‘আমার জানা মতে মোহাম্মদ হাফিজকে দলের পক্ষ থেকে বিপিএলে খেলার কোনো প্রস্তাবই দেওয়া হয়নি। দিলে আমি জানতাম।’
পাকিস্তানের এই ওপেনার শুক্রবার দুবাইয়ে বসে উর্দু দৈনিক জংকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যেহেতু স্পট ফিক্সিংয়ের দায়ে নিষেধাজ্ঞা কাটিয়ে আসা মোহাম্মদ আমির বিপিএলে চিটাগাং ভাইকিংসে খেলছে, তাই ভালো প্রস্তাব পাওয়া সত্ত্বেও তিনি এই দলটিতে খেলবেন না। প্রস্তাবটি তিনি নাকি ফিরিয়ে দিয়েছেন।
তিনি বলেন, ‘এটা ব্যক্তিত্বের কোনো দ্বন্দ্ব নয়। এটা পাকিস্তানের সম্মানের ব্যাপার। দেশের নাম ডোবানো কোনো খেলোয়াড়ের সঙ্গে একই দলে খেলা আমার পক্ষে সম্ভব নয়।
চিটাগাং ভাইকিংস ইতিমধ্যেই দলে ভিড়িয়েছে তিলকরত্নে দিলশানের মতো তারকা। পাকিস্তানিদের মধ্যে এই দলে আছেন, সাঈদ আজমল, উমর আকমল ও কামরান আকমল। জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা, দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসন ছাড়াও লঙ্কান ক্রিকেটার জীবন মেন্ডিস, চামারা কাপুগেদারার এই দলটিতে খেলার কথা।