হাফিজকেও হারাল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতিতেই এমন আঘাত পেলেন যে নামতে পারছেন না মূল লড়াইয়েই। গা গরমের ম্যাচে ফাটিয়ে ফেলেছেন হাতের তালু। সেলাই পড়েছে পাঁচটি। মাঠের বাইরে থাকতে হবে অন্তত দুই সপ্তাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে রঙিন পোশাকের পুরো সিরিজই তাই খেলতে পারছেন না মোহাম্মদ হাফিজ। ব্যাটে-বলে সমান দক্ষ হাফিজের জায়গায় নিতে হয়েছে দুজনকে। প্রথমবারের মতো ডাক পেয়েছেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সাড়া জাগানো ওপেনার সামি আসলাম, দলে ফিরেছেন ৩৫ বছর বয়সী বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর। আজই দুবাইয়ে পাকিস্তান-অস্ট্রেলিয়া একমাত্র টি-টোয়েন্টি।

নিষিদ্ধ সাঈদ আজমল নেই এমনিতেই। অভিজ্ঞ হাফিজকেও হারানো তাই বড় ধাক্কা পাকিস্তানের জন্য। স্পিন আক্রমণ বিশেষ করে দুর্বল হয়ে গেল অনেকটাই। তরুণদের সঙ্গে শহীদ আফ্রিদিই তাই এখন পাকিস্তানের ভরসা। আজকের ম্যাচ দিয়ে আবার নেতৃত্বে ফিরছেন আফ্রিদি। অধিনায়ক আফ্রিদির নতুন শুরুর দিনে যাত্রা শুরু হচ্ছে প্রতিপক্ষ অধিনায়কেরও। অস্ট্রেলিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ প্রথমবার টস করতে নামছেন আজ। কন্ডিশন পাকিস্তানের পক্ষে থাকলেও শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা অস্ট্রেলিয়াই মাঠে নামবে ফেবারিট হিসেবে। আগামী পরশু থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ক্রিকইনফো।