হাফিজদের কোচ হতে চান আকিব
গত সপ্তাহেই নিজের আগ্রহটা জানিয়ে দিয়েছিলেন। ওয়াকার ইউনিস পদত্যাগ করলে পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব নিতে চান। পরশু পাকিস্তানের কোচের পদ ছেড়েছেন ওয়াকার। আকিব জাভেদও তাই নড়েচড়ে বসেছেন। হাফিজদের কোচ হতে যেন মুখিয়েই আছেন পাকিস্তানের সাবেক পেসার, ‘আমাকে কোচ বিবেচনা করা হলে অবশ্যই সেটি লুফে নেব।’
কোচ হিসেবে আগেও পাকিস্তান দলের সঙ্গে যুক্ত ছিলেন আকিব। তবে প্রধান কোচ নয়, বোলিং কোচ। ২০১২ থেকে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দলের কোচ হিসেবে কাজ করছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। ‘পাকিস্তানের জাতীয় দলে, ‘পনেরো বছর ধরে কঠোর পরিশ্রম করছি। শিখেছিও অনেক। আমিরাতের কোচ হওয়াটা সত্যিই আমার অনেক কাজে এসেছে।’
জাতীয় দলের কোচ হওয়ার কথা শুধু আকিবই ভাবছেন না, পিসিবিও নাকি তাঁকে বিবেচনা করছে। অন্তত আকিবের দাবি এমনই, ‘সপ্তাহ খানেক আগে তারা আমাকে ফোন করেছিল। ওয়াকার পদত্যাগ করলে পিসিবি আমাকে নিয়োগের কথা ভাবছে বলে জানিয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবেই নিজেকে ভাবছি আমি।’
পাকিস্তানের নতুন কোচ হতে নিজের প্রার্থিতার পক্ষে আকিবের যুক্তি, ‘তৃণমূল পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা পাকিস্তানি কোচদের মধ্যে শুধু আমারই আছে। অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৭ ক্রিকেটারদের কোচিং করিয়েছি। এ দলের সঙ্গেও লম্বা একটা সময় কেটেছে আমার।’ তথ্যসূত্র: দ্য ন্যাশনাল।