হাফিজের চাপমুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে পেলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের এই উদ্‌যাপন অবশ্য বলতে পারছে না এই মাইলফলকের জন্য কতটা অপেক্ষায় ছিলেন l প্রথম আলো
অবশেষে পেলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের এই উদ্‌যাপন অবশ্য বলতে পারছে না এই মাইলফলকের জন্য কতটা অপেক্ষায় ছিলেন l প্রথম আলো

তিন ওয়ানডে মিলে রান করেছেন মাত্র ৮। টেস্ট সিরিজে মোহাম্মদ হাফিজের ওপর একটা চাপ তাই ছিলই। মজার ব্যাপার হলো, প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত স্কোর ১৯০ পেরিয়ে যাওয়ার পরও চাপ জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারেননি পাকিস্তানের এই ওপেনার। কিন্তু ওয়ানডের ব্যর্থতা কাটিয়ে প্রথম টেস্টে রান তো পাচ্ছিলেনই! ১৯০ করে ফেলার পরও তাহলে চাপ আর থাকল কীভাবে?
এই চাপ অন্য চাপ। এই চাপ বারবার ডাবল সেঞ্চুরির সুবাস নিয়েই ফিরে আসার চাপ। টেস্টে ১৯০-এর ওপর এর আগেও দুবার গেছেন হাফিজ। প্রথমবার (১৯৬) ২০১২-এর জুনে, কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে। আরেকটা তো নিজের সর্বশেষ টেস্টেই! নিউজিল্যান্ডের বিপক্ষে শারজায় গত নভেম্বরে আউট হয়ে গেছেন ডাবল সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থাকতে। ১৯০ পার হওয়ার পর কালও তাই মনের ভেতর শঙ্কা—এবার হবে তো প্রথম ডাবল সেঞ্চুরিটা?
কাল দিন শেষের সংবাদ সম্মেলনে হাফিজও স্বীকার করলেন, ‘ওয়ানডে সিরিজের পর চাপে ছিলাম। তবে জানতাম, আত্মবিশ্বাস ফিরে পেতে ভালো কিছু করতেই হবে। দলের দিক থেকেও দাবি ছিল একটা ইতিবাচক ইনিংসের। সেটা দিতে পেরে আমি খুশি। ডাবল সেঞ্চুরি বিশ্বের যেকোনো ব্যাটসম্যানের জন্যই বিশেষ কিছু। এর আগে দুবার ডাবল সেঞ্চুরি মিস করেছি। এবার আর সেটা হাতছাড়া করতে চাইনি।’
কয়েক বছর ধরে টেস্টে বাংলাদেশের বোলিং সাফল্য মানেই সাকিব আল হাসানের কিছু না-কিছু করা। কিন্তু খুলনা টেস্টে এখন পর্যন্ত সেটা অনুপস্থিত। হাফিজ জানালেন, বাঁহাতি এই স্পিনারকে সামলাতে তাঁরাও নিয়েছেন বিশেষ পরিকল্পনা, ‘আমরা তাকে খুবই গুরুত্ব দিই, কারণ সেই তার দলের মূল বোলার। তবে আমরা চেষ্টা করেছি সাকিবকে চাপে রাখতে। আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলেছি আমি। প্রতিটি বলই কাজে লাগাতে চেয়েছি এবং তার বিরুদ্ধে এই কৌশলটাই কাজে লেগেছে।’
আর তাতে ওয়ানডেতে ‘বাংলাওয়াশ’ এবং একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হারা পাকিস্তান দলও যেন ফিরে পেল নিজেদের! ওয়ানডেতে দল হয়ে উঠতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে মনে হয় হাফিজের। তবে টেস্টে দলের সেই রূপটা তিনি দেখতে পাচ্ছেন খুলনাতেই, ‘আমি খুশি যে অন্তত টেস্ট ক্রিকেটে আমরা ভালো খেলছি, একটা দল হয়ে খেলছি।’ টেস্টেও দ্বিতীয় দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেওয়ার পর কাল বাংলাদেশকে আরও ব্যাকফুটে ঠেলে দিয়েছে পাকিস্তান। হাফিজের চোখে এখন তাই খেলে যাচ্ছে এবারের সফরে প্রথম জয় পাওয়ার স্বপ্ন, ‘আমরা বেশ কিছু জিনিস চেষ্টা করেছি এবং সেগুলো কাজেও লেগেছে। তাদের এখন আরও বেশি চাপে ফেলা সম্ভব। আমরা চাইব অন্তত ৩০০ রানের লিড নিতে, যাতে বাংলাদেশ দলকে অলআউট করার মতো যথেষ্ট সময় হাতে থাকে।’
সেটা করতে পারলে হাফিজের চাপমুক্তির ম্যাচটা পাকিস্তান দলের জন্যও হবে স্বস্তি ফিরে পাওয়ার উপলক্ষ।