রোমাঞ্চভরা সিরিজের আদর্শ একটা বিজ্ঞাপনই হয়ে রইল শারজা টেস্টের তৃতীয় দিন। ক্ষণে ক্ষণেই ম্যাচের রং বদলেছে কাল; কখনো পাকিস্তান আঘাত হেনেছে, আবার ইংল্যান্ড পাল্টা আঘাত হেনেছে একটু পরেই। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে পাকিস্তান এগিয়ে ৭৪ রানে, হাতে আছে সাত উইকেট। শেষ দুই দিনে আর কী অপেক্ষা করছে কে জানে!
পরশু জেমস টেলর-জনি বেয়ারস্টো মিলে ইংল্যান্ডকে বড় লিডের আশা দেখাচ্ছিলেন। কিন্তু আগের দিনের সঙ্গে মাত্র দুই রান যোগ করেই আউট টেলর, দিনের পঞ্চম ওভারেই। বেয়ারস্টোও টেকেননি বেশিক্ষণ। আশা দেখাচ্ছিলেন সমিত প্যাটেল, কিন্তু দুর্দান্ত এক বলে তাঁকে ফিরিয়ে দিয়েছেন ইয়াসির শাহ। ইংলিশ টেল এন্ডাররা প্রতিরোধ করতে পারেননি, শেষ চার উইকেট পড়েছে ২১ রানে।
শারজার কঠিন হয়ে আসা পিচে ৭০ রানের লিডটা খুব কম নয়। কিন্তু মোহাম্মদ হাফিজ-আজহার আলীর ব্যাটে সেটা হয়ে গেল ‘সামান্যই’। ১০১ রানের উদ্বোধনী জুটির পর হাস্যকর এক ভুল-বোঝাবুঝিতে আউট হয়ে গেছেন আজহার। এরপর জেমস অ্যান্ডারসনের রিভার্স সুইংয়ে নিজের প্রথম বলেই আউট মালিক, স্টুয়ার্ট ব্রডও সুইংয়ে ফিরিয়েছেন ইউনিসকে। তবে ক্যারিয়ারের সেরা ইনিংসগুলোর একটি খেলে হাফিজ অপরাজিত আছেন ৯৭ রানে। লিডটা ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার জন্য আজ তাঁর দিকেই তাকিয়ে থাকবে পাকিস্তান। টেন ক্রিকেট।