হাফিজের দুই রেকর্ড এখন মুশফিক–মাহমুদউল্লাহর

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মাহমুদউল্লাহ (বাঁয়ে), মুশফিক খেলেছেন ১০০তম ম্যাচছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল বাংলাদেশ–আফগানিস্তান টি–টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটে জিতেছে মোহাম্মদ নবীর দল। দুই ম্যাচের সিরিজটা ১–১ ড্র হলো।

এই সিরিজে পরিসংখ্যানের পাতায় বেশ কিছু ওলট–পালট ঘটেছে। আসুন দেখে নেই—

৬

২০১৭ সালের শ্রীলঙ্কা সফরের পর প্রথম ও সব মিলিয়ে ষষ্ঠবার টি-টোয়েন্টি সিরিজ ড্র করল বাংলাদেশ।

১

২০১৭ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এই প্রথম একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জিততে পারল না আফগানিস্তান। মাঝের সময়টায় টানা সাতটি সিরিজ জিতেছিল আফগানরা।

টি–টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ
ছবি: প্রথম আলো

৮

• উইকেটের হিসাবে টি-টোয়েন্টিতে আফগানদের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় হার। এর আগে ২০১৮ সালে দেরাদুনে সর্বোচ্চ ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

• টি-টোয়েন্টিতে পরে ব্যাট করে আফগানদের দ্বিতীয় বড় জয়। সবচেয়ে বড় ১০ উইকেটের জয়টি আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৭ সালে।

১০০ ম্যাচ

• বাংলাদেশের দ্বিতীয় ও সব দেশ মিলিয়ে একাদশ খেলোয়াড় হিসেবে ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেন মুশফিকুর রহিম।

• অভিষেকের পর ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সবচেয়ে বেশি সময় (১৫ বছর ৩ মাস ৬ দিন) লেগেছে মুশফিকের। আগের রেকর্ড পাকিস্তানের মোহাম্মদ হাফিজের (১৪ বছর ৭ মাস ১৪ দিন)। সবচেয়ে কম সময় লেগেছে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের (১১ বছর ৬ মাস ১৪ দিন)।

কাল টি–টোয়েন্টি ক্যারিয়ারে শততম ম্যাচ খেলেন মুশফিক
ছবি: প্রথম আলো

মাহমুদউল্লাহর ২০০০ রান

বাংলাদেশের প্রথম ও সব মিলিয়ে ১৫তম ব্যাটসম্যান হিসেবে কাল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রানের মাইলফলক ছুঁলেন মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ২০০০ রানের মাইলফলকে প্রথম বাংলাদেশি মাহমুদউল্লাহ
ছবি: প্রথম আলো

• আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রান ছুঁতে সবচেয়ে বেশি ইনিংস লেগেছে মাহমুদউল্লাহর (১০৭ ইনিংস)। আগের রেকর্ড পাকিস্তানের শোয়েব মালিকের, ৯২ ইনিংস। সবচেয়ে কম ৫২ ইনিংস লেগেছে পাকিস্তানের বাবর আজমের।

• অভিষেকের ১৪ বছর ৬ মাস ৫ দিনের মাথায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রান ছুঁলেন মাহমুদউল্লাহ। সবচেয়ে বেশি সময় লেগেছে তাঁরই। বাংলাদেশ অধিনায়ক ভেঙেছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজের রেকর্ড (১৪ বছর ২ দিন)। সবচেয়ে কম সময় লেগেছে বাবর আজমের (৪ বছর ৭ মাস ১৯ দিন)।