হাফিজের মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক হার, চোটজর্জর দল, এসবের মধ্যে অবশেষে পাকিস্তান একটা সুখবর অন্তত পেল। অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ বল করার ছাড়পত্র পেয়েছেন, আজ বাংলাদেশের বিপক্ষেই অফ স্পিন করতে দেখা যেতে পারে তাঁকে।
গত নভেম্বরে নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম টেস্টে প্রশ্নবিদ্ধ হয়েছিল হাফিজের বোলিং। পরে পরীক্ষায় ধরা পড়ে, তাঁর কনুই প্রায় ৩১ ডিগ্রি পর্যন্ত বাঁকে। নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজে খেলেছেন ব্যাটসম্যান হিসেবে। চোটের কারণে বোলিং অ্যাকশন শোধরানোর প্রথম পরীক্ষাটাই দিতে পারেননি। ওই চোটই তাঁকে ছিটকে দেয় বিশ্বকাপ থেকে। বিশ্বকাপের পরেই ৯ এপ্রিল চেন্নাইয়ে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। কাল আইসিসি এক বার্তায় জানিয়েছে, ‘আবার পরীক্ষার পর দেখা গেছে, সব ধরনের ডেলিভারির জন্য হাফিজের কনুইয়ের বাঁক ১৫ ডিগ্রি বৈধ সীমার মধ্যেই আছে।’ সিরিজের প্রথম দুটি ম্যাচে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলা হাফিজ আজ তাই করতে পারবেন বোলিংও।
তবে একই দিনে একটা ছোট্ট দুঃসংবাদও শুনেছে পাকিস্তান। বাংলাদেশ সফর শুরুর আগেই চোটের কারণে ওয়ানডে দল থেকে ছিটকে পড়া সোহেল খানকে টেস্ট সিরিজেও পাওয়া যাবে না। চোট কাটিয়ে ফিরতে পারছেন না ৩০ বছর বয়সী পেসার। তাঁর বদলে টেস্ট দলে ডাকা হয়েছে আরেক পেসার ইমরান খানকে। ২৭ বছর বয়সী ইমরান গত অক্টোবর-নভেম্বরে তিনটি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে, নিয়েছেন সাতটি উইকেট। এএফপি, ক্রিকইনফো।