হাবিবুলকে ছুঁয়ে সামনে এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়ক মুশফিকুর রহিম
অধিনায়ক মুশফিকুর রহিম

‘কংগ্রাচুলেশনস, ক্যাপ্টেন...!’
লম্বা নেট সেশনের পর দুটি ব্যাট বগলদাবা করে মুশফিকুর রহিম সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছিলেন ড্রেসিং রুমে। কণ্ঠ শুনে থমকে দাঁড়ালেন, ‘অভিনন্দন কেন?’ কারণটা বলতেই মুখে বিস্ময়মাখা হাসি, ‘এতগুলো টেস্ট হয়ে গেল!’
অধিনায়ক নিজেই জানতেন না দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে তিনি। আগামীকাল সকালে শেখ আবু নাসের স্টেডিয়ামে যখন টস করতে নামবেন, ছুঁয়ে ফেলবেন বাংলাদেশকে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেওয়ার রেকর্ড। ২০০৫ সালে লর্ডসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়েছিল যাঁর অধিনায়কত্বে, কাল নেতৃত্বের রেকর্ডে ছুঁয়ে ফেলবেন সেই হাবিবুল বাশারকে। ৫০ টেস্ট খেলা হাবিবুল বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ১৮ টেস্টে। ৪২ টেস্টে কাল ১৮ বারের মতো টস করতে নামবেন মুশফিক।
ঘর্মাক্ত শরীর, ক্লান্ত চেহারাটা হঠাৎই যেন তরতাজা রেকর্ড ছোঁয়ার কথা শুনে। ভালো লাগাটা খেলা করছিল মুশফিকের চোখেমুখেই। কণ্ঠেও সেটা লুকালেন না, ‘অবশ্যই খুব ভালো লাগছে, ভালো লাগার মতোই ব্যাপার। বেশি ভালো লাগছে মাইলফলকটা এল দারুণ এক সময়ে। মাত্রই টেস্ট জিতলাম। বাংলাদেশের কোনো অধিনায়কের দুটি টেস্ট জয় এই ছিল প্রথম। পরের টেস্টেই আরেকটি রেকর্ড ছোঁয়া দারুণ ব্যাপার।’
১৬ বছর ২৬৭ দিন বয়সে টেস্ট ক্রিকেটের কঠিন আঙিনায় পা রেখেছিলেন যিনি, নয় বছর পর আজ তিনি কাগজে-কলমে দেশের সফলতম টেস্ট অধিনায়ক। মিরপুর টেস্টের পর বাংলাদেশকে একাধিক টেস্টে নেতৃত্ব দেওয়া একমাত্র অধিনায়ক তিনিই। অধিনায়ক মুশফিক টেস্ট জয়ের প্রথম স্বাদটি পেয়েছিলেন গত বছর জিম্বাবুয়েতে। হাবিবুল বাশার, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান—এই তিন অধিনায়ক জিতেছেন একটি করে টেস্ট।
১৬ বছর বয়সেই তাঁকে টেস্টে নামিয়ে দেওয়ার মূল কারণ ছিল আঁটসাঁট টেকনিক আর পরিণতিবোধ। টেস্ট অভিষেকের পর খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, নেতৃত্ব দিয়েছেন দলকে। পরিণতিবোধের কারণে সেই সময় থেকেই ভবিষ্যৎ বাংলাদেশ অধিনায়ক ভাবা হচ্ছিল তাঁকে। সেই সম্ভাবনার সঙ্গে বাস্তবের সাক্ষাৎ ২০১১ সালে। জিম্বাবুয়ে সফরের ব্যর্থতায় সাকিবকে সরিয়ে বাংলাদেশ দলের দায়িত্ব দেওয়া হয় মুশফিককে। ওই বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস করতে নামলেন, প্রথমবার।
সেদিন কি ভাবতে পেরেছিলেন তিন বছর পর ছুঁয়ে ফেলবেন সবচেয়ে বেশি টেস্টে অধিনায়কত্বের রেকর্ড? মুশফিক আবার হাসেন, ‘১৮ টেস্টে নেতৃত্ব দেওয়া বহুদূর, ১৮টি টেস্ট খেলব—একসময় তো এটাই মনে হয়নি! অভিষেকের পর দল থেকে বাদ পড়ে মনে হয়েছিল আর কখনো খেলতে পারব কিনা কে জানে। আর নেতৃত্বের কথা বললে, যখন অধিনায়কত্ব নিয়েছিলাম তখন দীর্ঘদিন করব ভেবেই নিয়েছি। কিন্তু আমাদের মতো দেশে, যারা জেতার চেয়ে বেশি হারে, এখানে লম্বা সময় থাকা কঠিন। এ জন্যই আরও ভালো লাগছে।’
অধিনায়ক মুশফিকের শুরুটা ছিল দারুণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে লিড নিয়েছিল ১০৬ রানের, অধিনায়ক নিজে করেছিলেন ৬৮। বৃষ্টি বাগড়া না দিলে জেতাটাও অসম্ভব ছিল না। তবে শুরুর মতো মসৃণ ছিল না পরের পথচলা। নেতৃত্ব নিয়ে নানা সমালোচনা ছিল নিত্যসঙ্গী। তবে সাকিব ছাড়া বাংলাদেশের আর সব অধিনায়ককে বিদায় নিতে হয়েছে যে কারণে, নিজের পারফরম্যান্স নেমে এসেছিল তলানিতে, মুশফিকের ক্ষেত্রে সেটা হয়নি। তাঁর ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে সামান্যই। নেতৃত্বও তাই টিকে গেছে। গত বছর জিম্বাবুয়েতে আচমকা পদত্যাগের ঘোষণা দেওয়ার পরও তাই বোর্ডপ্রধান অনুরোধ করে তাঁকেই রেখে দিয়েছিলেন দায়িত্বে। আজ জয়ের রেকর্ড গড়ে, আরেকটি রেকর্ড ছোঁয়ার অপেক্ষায়।
এসব রেকর্ড-মাইলফলক অনেক ক্রিকেটারের কাছেই শুধু সংখ্যা। অন্তত তাঁরা সেই দাবি করেন। তবে প্রসঙ্গটা দেশকে নেতৃত্ব দেওয়া বলেই গর্বিত মুশফিক, ‘দেশকে নেতৃত্ব দেওয়ার চেয়ে সম্মানের কিছু আর নেই। আর সেই সম্মানের জায়গাটায় যখন এমন কিছু অর্জন ধরা দেয়, ভালো লাগাটা বেশি থাকেই। আরও ভালো লাগবে ম্যাচটা জিতে সিরিজ জয় নিশ্চিত করতে পারলে।’
এমন একটি উপলক্ষ জয় দিয়ে উদ্যাপন করতে পারলে, এর চেয়ে ভালো আর কী হতে পারে!
বাংলাদেশের টেস্ট অধিনায়কেরা
                 ম্যাচ জয় হার ড্র
হাবিবুল বাশার ১৮ ১ ১৩ ৪
মুশফিকুর রহিম ১৭ ২ ১০ ৫
মোহাম্মদ আশরাফুল ১৩ ০ ১২ ১
খালেদ মাসুদ ১২ ০ ১২ ০
খালেদ মাহমুদ ৯ ০ ৯ ০
সাকিব আল হাসান ৯ ১ ৮ ০
নাঈমুর রহমান ৭ ০ ৬ ১
মাশরাফি বিন মুর্তজা ১ ১ ০ ০