হাবিবুলের ব্যাটন তামিমের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাঞ্চের একটু আগে ঝুম বৃষ্টি নামল। হাবিবুল বাশার অনুমান করতে পারছিলেন, খেলা আর হওয়ার তেমন সম্ভাবনা নেই। ফিরে যাবেন ঢাকায়। তবে স্টেডিয়াম ছাড়ার আগে উঁকি দিলেন ড্রেসিংরুমে। একটা কাজ যে বাকি রয়ে গেছে তখনো!
ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলেছেন ২০০৮ সালের ফেব্রুয়ারিতে। সেই থেকে বাংলাদেশের ক্রিকেটের একটা রেকর্ড ছিল তাঁরই অধিকারে—টেস্ট ক্রিকেটে দেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড। কাল ১৯ রানের ইনিংসটি খেলার সময়ই যেটিকে নিজের করে নিলেন তামিম। শুরু করেছিলেন ৩০২০ রান নিয়ে, থামলেন ৩০৩৯-এ। হাবিবুলের ৫০ টেস্টের ৩০২৬ রান টপকে গেলেন ৪০তম টেস্টেই।
কাল মাঠে এসেই তামিমকে বলেছিলেন, ‘বেশিক্ষণ অপেক্ষায় রাখিস না...।’ মানে নতুন রেকর্ড করার কাজটা যেন তাড়াতাড়িই করে ফেলেন। সেটা হয়ে যাওয়ায় মাঠ ছাড়ার আগে তামিমকে অভিনন্দন জানাতে হাবিবুল গেলেন ড্রেসিংরুমে। জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালেন। ছবি তুললেন, যে ছবি আরও বেশ কিছুদিন হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম এক স্মারক।
এত দিনের সঙ্গী রেকর্ডটা হাতছাড়া হয়ে যাওয়ায় হাবিবুলের কি একটুও দুঃখবোধ নেই? হ্যাঁ, আছে। তবে নতুন কীর্তিটা তামিম গড়েছেন বলে সেই দুঃখবোধ উধাও হয়ে যাচ্ছে পরমুহূর্তেই, ‘আসলে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে আমার। একটু খারাপ লাগছে স্বাভাবিক। তবে রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আর আমি তো ১০ হাজার রান করিনি যে, কেউ কোনো দিন তা ভাঙতে পারবে না। একদিন না একদিন এটা অন্য কারও হতোই। একদিক দিয়ে খুশি যে, রেকর্ডটা তামিম ভেঙেছে।’ তবে একসময়ের ‘মিস্টার ফিফটি’ একটা আফসোস এখনো বয়ে বেড়াচ্ছেন, ‘টেস্টে আমার মাত্র তিনটা সেঞ্চুরি হলেও ফিফটি আছে ২৪টা। ওগুলোর অনেকগুলোই সেঞ্চুরিতে পরিণত করা উচিত ছিল আমার। সেটা হলে টেস্টে আমার রানটাও আরও বেশি থাকত।’
টেস্ট ক্রিকেট থেকে হাবিবুলের বিদায় আর তামিমের আসা অনেকটা ‘তোমার হলো শুরু, আমার হলো সারা’র মতোই ব্যাপার। ২০০৮-এর জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে টেস্ট অভিষেক তামিমের। আর হাবিবুল তার শেষ টেস্টটা খেললেন পরের মাসে হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে। তবে তামিমের সঙ্গে যে তিনটি টেস্ট খেলেছেন, তাঁতেই তাঁর সম্পর্কে একটা উচ্চাশা তৈরি হয়ে গিয়েছিল হাবিবুলের মধ্যে, ‘শুরু থেকেই সবার দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছিল ও। এখন তো আরও অনেক পরিণত। আমার বিশ্বাস, টেস্ট ক্রিকেটে তামিম একদিন ১০ হাজার রান করবে।’ তবে তা করতে পারার মতো ব্যাটসম্যান বাংলাদেশ দলে আরও আছে বলেই মনে করেন হাবিবুল, ‘এখন প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। তামিমের পেছনে অনেকেই আছে, যারা ওকে টপকে যেতে পারে। দলের মধ্যে এ রকম প্রতিদ্বন্দ্বিতা থাকা ভালো।’
বাংলাদেশ দলে এই প্রতিদ্বন্দ্বিতাটা আরও আগেই আসতে পারত। হাবিবুলের ৩০২৬ রান তখন হয়তো সাত বছরেরও বেশি হয়ে থাকত না সর্বোচ্চ টেস্ট সংগ্রহ। টেস্ট অভিষেকের প্রায় ১৫ বছর পরও ৩০৩৯-এ আটকে থাকত না সর্বোচ্চ রানের অঙ্কটা। শুরু থেকেই বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সাক্ষী হাবিবুলের চোখে এর দুই রকম কারণ ধরা পড়ছে, ‘আমি প্রায় আট-নয় বছর টেস্ট খেলেছি, জাভেদও খেলেছে মোটামুটি ভালোই। এর বাইরে আমাদের সময়ের অন্য ক্রিকেটাররা খুব বেশি দিন টেস্ট খেলতে পারেনি। টেস্টে আমাদের সবচেয়ে বেশি রানের রেকর্ডটা সে জন্যই এখনো তত বেশি নয়। তবে এখনকার ছেলেরা যেভাবে খেলছে, কয় দিন পর পরই নতুন নতুন রেকর্ড দেখতে পাবেন।’
সেটা হলে হবে, রেকর্ড হারানোর টেনশন এখন আর হাবিবুলের নয়। ব্যাটনটা যে তুলে দিয়েছেন তামিমের হাতে!
যেভাবে রেকর্ডের হাতবদল
ব্যাটসম্যান রান বিপক্ষ ভেন্যু তারিখ মোট দিন
হাবিবুল বাশার ৭১ ভারত ঢাকা ১০ নভে. ২০০০ ১ দিন
আমিনুল ইসলাম ১৪৫ ভারত ঢাকা ১১ নভে. ২০০০ ১৭০ দিন
হাবিবুল বাশার ২৬৫ জিম্বাবুয়ে হারারে ৩০ এপ্রি. ২০০১ ১৯২ দিন
আমিনুল ইসলাম ৩৬২ জিম্বাবুয়ে ঢাকা ৮ নভে. ২০০১ ২ দিন
হাবিবুল বাশার ৪২২ জিম্বাবুয়ে ঢাকা ১০ নভে. ২০০১ ১৩ বছর ২১৫ দিন
তামিম ইকবাল ৩০৩৯ ভারত ফতুল্লা ১৩ জুন ২০১৫ -