জনি বেয়ারস্টো কি পারবেন কোনো অবিশ্বাস্য গল্প লিখতে? সিরিজ বাঁচাতে মুম্বাই টেস্ট জিততেই হবে ইংল্যান্ডকে। অথচ চতুর্থ দিন শেষে ম্যাচ বাঁচানো নয়, ইনিংস হারের শঙ্কা ঘিরে ধরেছে সফরকারীদের। ইনিংস হার এড়াতেই যে ইংল্যান্ডের দরকার আরও ৪৯ রান।
উইকেটের যে অবস্থা তাতে ৪৯ রানই অনেক দূর বলে মনে হচ্ছে। অথচ এ পিচেই ভারতকে ২৩১ রানের লিড এনে দিয়েছেন বিরাট কোহলি ও জয়ন্ত যাদব। রেকর্ড ২৪১ রানের অষ্টম উইকেট জুটি গড়ার পথে কোহলি পেয়েছেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। আর প্রথম ভারতীয় হিসেবে নয়ে নেমে সেঞ্চুরি করেছেন জয়ন্ত। এই দুজনই দেখিয়েছেন স্পিন-স্বর্গে রূপ নেওয়া উইকেটেও কীভাবে আক্রমণাত্মক খেলে রান করতে হয়।
সেটি কিছুটা দেখিয়েছেন জো রুট ও বেয়ারস্টো। রুটকে আউট করতে দুটি রিভিউ নষ্ট করেছে ভারত। আর আম্পায়ার দুবার আউট বলার পরও রিভিউ নিয়ে বেঁচে গেছেন বেয়ারস্টো। ইংল্যান্ড যে কালই ইনিংস ব্যবধানে হারেনি সেই কৃতিত্ব এই দুজনের। ইনিংসের প্রথম ওভারেই আউট হয়েছেন কিটন জেনিংস। ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সেঞ্চুরি ও শূন্যের রেকর্ড গড়ে আউট হয়েছেন জেনিংস। অ্যালিস্টার কুক ও মঈন আলী আউট হয়েছেন রবীন্দ্র জাদেজার চার বলের মধ্যে। চতুর্থ উইকেটে পাল্টা আক্রমণ করেছেন রুট-বেয়ারস্টো। কিন্তু দিনের শেষ ঘণ্টায় সব আশা শেষ ইংল্যান্ডের। রুট আউট হওয়ার পরই ভেঙে পড়ে ইংল্যান্ডের ইনিংস। দ্রুত আরও ২ উইকেট তুলে সফল এক দিনের সমাপ্তি টানেন রবিচন্দ্রন অশ্বিন।
ইংল্যান্ডের সব আশা-ভরসা এখন দুই উইকেটকিপারের ওপর। ফিফটি করে অপরাজিত আছেন বেয়ারস্টো, জস বাটলার নামবেন আজ। সূত্র: স্টার স্পোর্টস।