হার দিয়ে শুরু চ্যাম্পিয়নদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনটা স্মরণীয় করে রাখতে পারলেন না মাশরাফি। ছবি: প্রথম আলো
দিনটা স্মরণীয় করে রাখতে পারলেন না মাশরাফি। ছবি: প্রথম আলো

মাশরাফি বিন মুর্তজা ব্যাটিংয়ে নামার সঙ্গে সঙ্গে দর্শকদের তুমুল করতালি। মাশরাফিকে এভাবে অভিবাদন জানানোর রীতি নতুন নয়। তবে একটা বিশেষ উপলক্ষ আছে আজ। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরের পূর্ণ হয়েছে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের। বিশেষ এই দিনটার সঙ্গে যদিও বিপিএলের কোনো যোগ নেই। তবুও চিটাগং ভাইকিংসের বিপক্ষে ২৯ রানে না হারলে নিশ্চয়ই বাড়তি একটা ভালো লাগা কাজ করত মাশরাফির।

চিটাগংয়ের দেওয়া ১৬২ রান তাড়া করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ানস শুরু থেকেই ছন্নছাড়া। লিটন দাস-ইমরুল কায়েসের ওপেনিং জুটি ভেঙেছে ৯ রানেই। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট পড়েছে কুমিল্লার। গড়ে ওঠেনি একটা বড় জুটিও। অসাধারণ বোলিং করেছেন মোহাম্মদ নবী ও আবদুর রাজ্জাক। চিটাগংয়ের দুই স্পিনার মিলে ৪৮ বলে দিয়েছেন ৪৭ রান, নিয়েছেন ৫ উইকেট। নবী ১৮তম ওভারে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন। শেষ পর্যন্ত হয়নি। তবে ২৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের পার্থক্যটা গড়ে দিয়েছেন তিনিই। শেষ পর্যন্ত ম্যাচ সেরাও। তবে ১ উইকেট পেলেও মাত্র ২৩ রান দেওয়া রাজ্জাক শুরু থেকেই আস্কিং রান রেটের ফাঁস চেপে ধরেছিলেন।
কুমিল্লার প্রাপ্তি প্রথমবারের মতো বিপিএল খেলা নাজমুল হোসেন শান্তর ফিফটি। যদিও ৪৪ বলে ৫৪ রানের ইনিংসটি বৃথাই গেল শেষ পর্যন্ত।
তামিম ইকবালের হাফ সেঞ্চুরি ও শোয়েব মালিকের অপরাজিত ৪২ রানে চিটাগং ৩ উইকেটে করে ১৬১ রান। তামিম-এনামুলের দুটি রানআউটের পরও চিটাগংকে চ্যালেঞ্জিং স্কোর দিয়েছে মালিক-জহুরুল ইসলামের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে ৬০ রান।
গত বিপিএলেও হার দিয়ে শুরু হয়েছিল মাশরাফির কুমিল্লার। তবে শেষ পর্যন্ত তাঁরা শিরোপা জিতেই শেষ করেছিল টুর্নামেন্ট। ফলে প্রথম ম্যাচের ফল দেখেই মাশরাফির দলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করার ঝুঁকি কে নেবে!