হার দিয়ে শুরু মেয়েদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বিসমাহর আরেকটি শট, দর্শক বাংলাদেশের উইকেটকিপার নিগার। বিসমাহর ৬৫ রানই কাল প্রথম টি-টোয়েন্টিতে দুই দলের ব্যবধান গড়ে দিয়েছে l এএফপি
পাকিস্তানের বিসমাহর আরেকটি শট, দর্শক বাংলাদেশের উইকেটকিপার নিগার। বিসমাহর ৬৫ রানই কাল প্রথম টি-টোয়েন্টিতে দুই দলের ব্যবধান গড়ে দিয়েছে l এএফপি

পাকিস্তানে বাংলাদেশের মহিলা দল বেশ ভালো আতিথেয়তাই পাচ্ছে বলে খবর। ম্যানেজার শফিকুল হক মুঠোফোনে প্রতিনিয়ত বিসিবিকে জানাচ্ছেন সেসব তথ্য। তবে সানা মিরের দল যে সালমা খাতুনের দলকে মাঠে আতিথেয়তা দেখাবে না, সেটা জানাই ছিল। করাচির সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে হওয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কাল বাংলাদেশের মেয়েরা হেরে গেছে ২৯ রানে।
কালকের ম্যাচের আগে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র ছয়বার এক শর ওপরে রান করেছে বাংলাদেশ মহিলা দল। তার মধ্যে সর্বোচ্চ আবার ১১৫। কাল পাকিস্তানের দেওয়া ১২৪ রানের লক্ষ্য পেরোতে পারলে ২০ ওভারের ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ স্কোরটাই করে ফেলতেন সালমা-আয়েশারা। সেটা তো হয়ইনি, উল্টো হাতে ৩ উইকেট রেখে তারা ইনিংস শেষ করেছে ৯৫ রানে।
ইনিংসের তৃতীয় ওভারে শারমিন আক্তারের বিদায়ে ভাঙে আয়েশা রহমানের সঙ্গে তার ১৯ রানের উদ্বোধনী জুটি। ৭ ওভার ২ বল এক সঙ্গে থেকে দ্বিতীয় উইকেটে আয়েশা-ফারজানা জুটি থেকে আসে ৩০ এবং এটাই বাংলাদেশ দলের সর্বোচ্চ জুটি। অবশ্য টি-টোয়েন্টি ম্যাচে দলের সব ব্যাটারই যখন রানের চেয়ে বল বেশি খেলে ফেলেন, দুই অঙ্কের রান পান মাত্র তিনজন, তখন বড় জুটি বা বড় রান এসব না হওয়ারই কথা। দলের স্কোর এক শর নিচে থেকে গেলেও ২০ ওভার শেষে তাই তাদের হাতে রয়ে গেছে ৩ উইকেট।
এর আগে প্রথম ওভারেই পাকিস্তানের ওপেনার মেরিনা ইকবালকে রান আউট করে দেয় বাংলাদেশ। তবে আরেক ওপেনার জাভেরিয়া ও বিসমাহ মারুফ শুরুর ধাক্কাটাকে আর বাড়তে দেননি। দ্বিতীয় উইকেট জুটিতে ৮৭ রান যোগ করেছেন দুজনে। পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেয় সেটাই।
দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আজই।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান মহিলা দল: ২০ ওভারে ১২৪/৫ (বিসমাহ ৬৫*, জাভেরিয়া ৪৪; নাহিদা ২/১৭, জাহানারা ১/১০, ফাহিমা ১/১৭)।

বাংলাদেশ মহিলা দল: ২০ ওভারে ৯৫/৭ (আয়েশা ২৩, শারমিন ০, ফারজানা ২৩, রুমানা ২২, লতা ৬, ফাহিমা ১, সালমা ৫, জাহানারা ৫*, নিগার ১*; আনাম ২/১৭)।
ফল: পাকিস্তান ২৯ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: বিসমাহ মারুফ।