হার দিয়ে শুরু মেয়েদের
ম্যাচের প্রথম ওভারে কী সুযোগটাই না হাতছাড়া করেছেন রিতু মনি! পান্না ঘোষের বলটা মিড অফে তুলে দিয়েছিলেন লিজেল লি। রিতুর ‘পিচ্ছিল’ হাত ক্যাচটা ধরতে পারেনি, ৫ রানে বেঁচে যাওয়া লি শেষ পর্যন্ত নাহিদা আক্তারের বলে আউট হন ৭১ বলে ৮৭ রান করে। বাংলাদেশ দলের ফিল্ডিংই হয়েছে বাজে, আর সেটিরই সুযোগ নিয়ে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৬ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
কক্সবাজারের উইকেটে সকালে বোলাররা সাহায্য পাবেন, পরে ব্যাটিং করা হবে সহজ—এটি ভেবেই টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু প্রথম ওভারেই ক্যাচ ফসকানো! সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে আন্দ্রেই স্টেইনকে নিয়ে ১২২ রানের ওপেনিং জুটি গড়েন লি। ৬টি চারের বিপরীতে লি ছক্কা মেরেছেন ৭টি। তাঁর ইনিংসের ৭৫ শতাংশ রানই এসেছে বাউন্ডারি থেকে। বাংলাদেশের আফসোস আছে মিগনন ডু প্রিজের ক্যাচ ছাড়ার জন্যও। জাহানারার বলে নাহিদা যখন এই প্রোটিয়া ব্যাটারের ক্যাচ ছাড়েন, তাঁর রান ৩২। সেই ডু প্রিজ অপরাজিত থাকেন ৬২ রানে। শেষ পর্যন্ত ৩ উইকেটে ২৫১ রান এনে দেন দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটাররা, যেটি বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বোচ্চ।
জবাব দিতে নেমে বাংলাদেশ ৫৬ রানে হারিয়ে বসে ৪ উইকেট। পঞ্চম উইকেটে নিগার সুলতানা-রুমানা আহমেদের ৫২ রানের জুটিটা পরাজয়ের ব্যবধানই শুধু কমিয়েছে। তবে শীতের মিষ্টি বিকেলে দর্শকদের যা একটু বিনোদন জুগিয়েছে অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে নিগার-জাহানারার ৫২ বলে ৫৪ রানের জুটি। শেষ ৩ ওভারে ৩৭ রান তুলেছে বাংলাদেশ। এটি আরও আক্ষেপেরই কারণ হয়েছে—এমন আক্রমণাত্মক ব্যাটিং কেন আগে করা গেল না! নিগার অপরাজিত থাকেন ক্যারিয়ার-সর্বোচ্চ ৫৯ রান করে, বাংলাদেশের ইনিংস শেষ হয় ৬ উইকেটে ১৬৫ রানে।
প্রোটিয়া মেয়েদের কাছে আরেকটি পরাজয়ে বাজে ফিল্ডিংকেই দুষেছেন রুমানা, ‘ক্যাচ হাতছাড়া হতে পারে। তবে ওর (লি) ক্যাচটা অনেক প্রভাব পড়েছে। ওকে আটকানো গেলে অনেক রান বাঁচানো যেত।’
সংক্ষিপ্তস্কোর
দক্ষিণআফ্রিকা: ৫০ ওভারে ২৫১/৩ (লি ৮৭, স্টেইন ৬৮, ডু প্রিজ ৬২; সালমা ২/৩০, নাহিদা ১/৪৫)। বাংলাদেশ: ৫০ ওভারে ১৬৫/৬ (নিগার ৫৯*, রুমানা ৩৭, জাহানারা ১৫*, ফারজানা ১২, সালমা ১১; লুস ৩/৫২, ফন নিকার্ক ২/২৩, খাকা ১/৩৭)। ফল: দক্ষিণ আফ্রিকা ৮৬ রানে জয়ী। প্লেয়ারঅবদ্যম্যাচ: লিজেল লি।