হার দিয়ে শেষ চ্যাম্পিয়ন গাজীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ ম্যাচে হারলেও তার আগেই নিশ্চিত হয়ে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের লিগ শিরোপা। কাল বিকেএসপিতে খেলা শেষে সেই উৎসবে মাতলেন দলের খেলোয়াড়েরা l সৌজন্য ছবি
শেষ ম্যাচে হারলেও তার আগেই নিশ্চিত হয়ে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের লিগ শিরোপা। কাল বিকেএসপিতে খেলা শেষে সেই উৎসবে মাতলেন দলের খেলোয়াড়েরা l সৌজন্য ছবি

বৃষ্টি আগের দিন গাজীর ইনিংস থামিয়ে দিয়েছিল ৩৩ ওভারে। ৫ উইকেটে ১৪২ রান নিয়ে দিন শুরু করা গাজী কাল অলআউট ২২২ রানে। আগের দিন ৫০ রানে অপরাজিত জহুরুল কাল আউট হয়েছেন আরও ৩৭ রান যোগ করে। ২২৩ রানের লক্ষ্যে ব্যাট করা দোলেশ্বর ১০৫ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট। সেখান থেকে ১১৯ রানের জুটি গড়ে দলকে ৬ উইকেটের জয় এনে দেন পুনিত সিং (৮৯*) ও শরীফউল্লাহ (৫১*)।

শেষ ম্যাচে পাওয়া এই জয়ে আবাহনীকে পেছনে ফেলে রানার্সআপ হয়েছে দোলেশ্বর। বুড়িগঙ্গার ওপারের দলটির তাতে অবশ্য সান্ত্বনা মিলছে না। এই নিয়ে যে টানা তিন মৌসুম দ্বিতীয় সেরা হয়ে থাকতে হলো তাদের! ঢাকার শীর্ষ লিগে টানা রানার্সআপ হওয়ার ক্ষেত্রে দোলেশ্বরের ওপরে আছে শুধু মোহামেডান। ১৯৮২-৮৩ মৌসুম থেকে ১৯৮৬-৮৭ মৌসুম পর্যন্ত টানা পাঁচবার রানার্সআপ হয় ঐতিহ্যবাহী এই ক্লাব।

কাল ফতুল্লায় দিনের অন্য ম্যাচে মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ স্থান নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক। রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে মোহামেডান অলআউট ২১৫ রানে। রানটা ৪৩.৫ ওভারেই পেরিয়ে যায় ব্যাংকার্সরা। পাকিস্তানি রিফাতউল্লাহ করেছেন সর্বোচ্চ ৮৮ রান।

আগামীকাল রেলিগেশন লিগে খেলাঘর-ভিক্টোরিয়া ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের লিগের।

সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ-প্রাইম দোলেশ্বর, বিকেএসপি-৩

গাজী গ্রুপ: ৪৯.১ ওভারে ২২২ (জহুরুল ৮৭, মুমিনুল ৩৮, নাদিফ ৩৮; রেজা ৩/৩১, সানি ২/৩৫, শরীফউল্লাহ ২/৩৭, দেলোয়ার ২/৫০)। দোলেশ্বর: ৪৪.৩ ওভারে ২২৪/৪ (পুনিত ৮৯*, শরীফউল্লাহ ৫১*, মার্শাল ৩৯; মুমিনুল ১/১৬)।

ফল: দোলেশ্বর ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: পুনিত সিং।

প্রাইম ব্যাংক-মোহামেডান, ফতুল্লা

মোহামেডান: ৪৯.৪ ওভারে ২১৫ (মিলন ৫৩, শামসুর ৩৪; আল আমিন ৪/৩৫, আসিফ ২/২৮)। প্রাইম ব্যাংক: ৪৩.৫ ওভারে ২১৬/৪ (রিফাত ৮৮, মারুফ ৫৭*, আসিফ ৩০*; শামসুর ১/১১)।

ফল: প্রাইম ব্যাংক ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: রিফাতউল্লাহ।