হার দিয়েই শেষ হলো ওয়ানডে সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ৫ রান করে সাজঘরে ফিরছেন মমিনুল হক। পেছনেই উল্লাসে মেতেছেন ডোয়াইন ব্রাভো ও ক্রিস গেইল।
মাত্র ৫ রান করে সাজঘরে ফিরছেন মমিনুল হক। পেছনেই উল্লাসে মেতেছেন ডোয়াইন ব্রাভো ও ক্রিস গেইল।

হারটাই যে অবধারিত সেটা ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হওয়ার পরই অনুমান করা যাচ্ছিল। আগের ম্যাচে ৭০ রানে অলআউট হওয়া দল যে ৩৩৮ রানের দুরূহ লক্ষ্য তাড়া করে জয় পাবে, এমন আশা হয়তো কেউই করেননি। অনুমান মিথ্যা হয়নি। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এবার অবশ্য হারের ব্যবধান কিছুটা কমেছে। আজ বাংলাদেশ হেরেছে ৯১ রানের ব্যবধানে। ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ২৪৭ রানে।

পুরো ইনিংসে জয়ের কাছাকাছি কখনোই যেতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রাপ্তি বলতে শুধু তামিম ইকবাল আর অধিনায়ক মুশফিকুর রহিমের দুটি অর্ধশতকের ইনিংস। দীর্ঘদিন পর আজ হেসেছে তামিমের ব্যাট। ওয়ানডেতে ১৭টি ইনিংসের পর অর্ধশতক করেছেন এই বাঁহাতি ওপেনার। শেষ পর্যন্ত ৫৫ রান করে সাজঘরে ফিরেছেন সুনিল নারাইনের শিকার হয়ে।

ড্যারেন ব্রাভোর সহজ স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করার আফসোসটা যেন ব্যাট হাতে পুষিয়ে দিতে চেয়েছিলেন অধিনায়ক মুশফিক। ২২তম ওভারে ১০১ রানের মাথায় তামিম আউট হয়ে যাওয়ার পর মুশফিকই ব্যাট করছিলেন দৃঢ়তা নিয়ে। শেষ পর্যন্ত তিনিও সাজঘরে ফিরেছেন ৭২ রান করে। সে সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১৬৩ রান। শেষ পর্যায়ে মাহমুদউল্লাহ (২৭), নাসির হোসেন (২৬), সোহাগ গাজী (২৪), মাশরাফি বিন মুর্তজার (১৫) ছোট ইনিংসগুলো হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১০ ওভার বল করে মাত্র ২৯ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেছেন রবি রামপাল।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে দিনেশ রামদিনের ক্যারিয়ারসেরা ১৬৯ ও ড্যারেন ব্রাভোর ১২৪ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ৩৩৮ রান জমা করেছিল ওয়েস্ট ইন্ডিজ।