হার দেখছে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় দিনটাই যেন ফিরে এল কাল। ইংল্যান্ড নিশ্চয়ই ভাবছে, অমন একটা সোনালি সকালের পর সারা দিনটা এমন বিবর্ণ যাচ্ছে কেন? তবে তার আগে ভাবতে হচ্ছে, এই টেস্টটা কি বাঁচানো যাবে? ৭ উইকেট হাতে রেখে ২৯৮ রানে এগিয়ে ভারত, দুই দিন বাকি। ইংল্যান্ডকে পরাজয় বাঁচাতে হলে এখন দারুণ কিছুই করতে হবে।

অথচ বেন স্টোকসের সঙ্গে জনি বেয়ারস্টো সকালে দারুণ একটা প্রত্যাবর্তনের গল্প লিখছিলেন। আগের দিনের ২৩ রানের সঙ্গে আরও ৮৭ রান যোগ করে ফেলেছিলেন দুজন। মনে হচ্ছিল, চট্টগ্রামের মতো দুজন আরও একবার ইংল্যান্ডকে রক্ষা করবেন। কিন্তু ৫৩ রানে দুর্দান্ত এক ইনসুইঙ্গারে বেয়ারস্টোকে বোল্ড করে ইংল্যান্ডকে দিনের প্রথম ধাক্কা দিয়েছেন উমেশ যাদব। ওখান থেকে ব্যাটনটা নিজের হাতে তুলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আগের দিন ২ উইকেট, কাল পেলেন আরও ৩ উইকেট, আরেকবার ৫ উইকেট। তবে স্টোকসের উইকেটটাকেই এগিয়ে রাখবেন, ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭০ রানই এই অলরাউন্ডারের। এরপর আনসারিকে ফিরিয়ে দিয়েছেন জাদেজা। ব্রড-অ্যান্ডারসনকে পরপর দুই বলে ফিরিয়ে ইংল্যান্ডের লেজটা মুড়ে দিয়েছেন অশ্বিন।

২০০ রানের লিড নিয়ে চাইলে ইংল্যান্ডকে ফলোঅন করাতে পারতেন কোহলি। কিন্তু ভারত অধিনায়ক আবার ব্যাটিংয়ে নামারই সিদ্ধান্ত নিয়েছেন। তবে সেই সিদ্ধান্তকে শুরুতেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছিলেন ব্রড-অ্যান্ডারসন। মুরালি বিজয় ও লোকেশ রাহুলকে ফিরিয়ে দিয়েছেন ব্রড। আউট হওয়ার ধরনেও মিল, দুজনই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। তার চেয়েও বড় কথা, দুজনকে শুরুতে আউট দেননি আম্পায়ার রড টাকার। কিন্তু রিভিউ নিয়ে দুবারই সফল ব্রড। এরপর অ্যান্ডারসনের আরেকটি দারুণ বলে আউট পূজারাও। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে হঠাৎ কম্পমান ভারত।

কিন্তু বিরাট কোহলি যেন ঠিক করেছেন, ৫০তম টেস্টটা নিজের করে নেবেন। পাল্টা আক্রমণে তুলে নিয়েছেন ফিফটি, ওপাশে রাহানেও ২২ রানে অপরাজিত। দুজনই লিডটা আজ ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে চাইবেন। এরপর বিশাখাপত্তনমের কঠিন হতে থাকা উইকেটে অশ্বিন-জাদেজারা তো আছেনই! সূত্র: স্টার স্পোর্টস।