হার দেখছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন ধরেই কলম্বোর আকাশ ঝকঝকে। ক্রিকেটের ‘চিরশত্রু’ বৃষ্টি এ টেস্টে এখন পর্যন্ত বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজও সেই শঙ্কা নেই।
মিসবাহ-উল-হক শুনলে হয়তো মন খারাপ করবেন। কে বলেছে বৃষ্টি সব সময় খারাপ! পাকিস্তানের কাছে বৃষ্টি তো এখন ‘শঙ্কা’ নয়, বরং সেটিই পরম প্রত্যাশিত।
দ্বিতীয় ইনিংসে ২৭১ তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে পাকিস্তান ৭ উইকেটে ১২৭। রঙ্গনা হেরাথের হাতে যেভাবে বল ঘুরছে, তাতে বাকি ৩ উইকেটে পাকিস্তানের শেষ দিনটা পার করার সম্ভাবনা আর অন্ধকারে হাত দুটি কাজে না লাগিয়ে একটা ছেঁড়া এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা জোড়া লাগানোর সম্ভাবনা প্রায় সমান। এত আশাবাদী হয়তো মিসবাহও নন। বৃষ্টি ছাড়া পাকিস্তানের আর ভরসা কী!
অথচ দিনের শুরুটাতে অন্য আভাসই দিয়েছিলেন পাকিস্তানি বোলাররা। তৃতীয় দিন ব্যাটিংয়ের সময় পাওয়া চোটের কারণে কাল বল হাতে নেওয়া তো দূরের কথা, মাঠেই নামতে পারেননি জুনাইদ খান। কিন্তু তাঁর অভাব ভুলিয়ে দিয়েছেন সাঈদ আজমল, ওয়াহাব রিয়াজরা। শেষবারের মতো সাদা পোশাকে যাঁর ব্যাটিং দেখবেন বলে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠ লোকারণ্য, সেই মাহেলা জয়াবর্ধনে আগের দিনের ৪৯ রানের সঙ্গে আর মাত্র ৫ রান যোগ করেই আজমলের শিকার। এর আগেই দিনের চতুর্থ ওভারে কুমার সাঙ্গাকারাকেও ফিরিয়ে দিয়েছেন আজমল, ওই স্পেলেই পরে থিরিমান্নেকেও করলেন সরাসরি বোল্ড। সব মিলিয়ে কাল শ্রীলঙ্কার প্রথম তিনটি উইকেটই তাঁর। আজমলের পর মঞ্চটা নিজের করে নিলেন পেসার ওয়াহাব রিয়াজ। শ্রীলঙ্কার বাকি ৫টি উইকেটের ৩টিই তাঁর, দুটি রানআউট। সাঙ্গা-জয়া জুটির পর আর কোনো জুটি গড়ে না ওঠায় শেষ পর্যন্ত শ্রীলঙ্কাও অলআউট ২৮২ রানে!
এসএসসিতে চতুর্থ ইনিংসে ২৭১-এর বেশি তাড়া করে জেতার রেকর্ড একটাই আছে, সেটা জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিক শ্রীলঙ্কার (১৯৯৮ সালে)। অ্যাঞ্জেলো ম্যাথুসের দল তাই এমনিতেই মোটামুটি নির্ভার ছিল, কাজটা আরও সহজ করে দিলেন রঙ্গনা হেরাথ। প্রথম ইনিংসে ৯ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসেও উজ্জ্বল। দ্বিতীয় ইনিংসে সাতটি উইকেট গেছে পাকিস্তানের, চারটিই হেরাথের। ম্যাচে ১৩ উইকেট হয়ে গেল। ইনিংসে ৯ উইকেট তুলে নেওয়ার কীর্তিতে মুরালিধরনের পাশে বসেছেন, শ্রীলঙ্কার পক্ষে এক টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটিও নাগালের মধ্যেই। তবে সে জন্য আজ বাকি তিন উইকেটই নিতে হবে হেরাথকে। এএফপি, ক্রিকইনফো।