হারতে আসেনি জিম্বাবুয়ে
এবার বাংলাদেশে এসে চার দিনে দুবার সংবাদ সম্মেলনে এলেন জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুম্বুরা। দুই সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে অধিনায়কের কণ্ঠে দুরকম সুর। প্রথম দিন অনুশীলন শেষে জিম্বাবুয়ে অধিনায়ক বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে বললেন, সীমিত ওভারের ক্রিকেটে যেকোনো কিছু হতে পারে। গত একটা বছর মাশরাফিদের দুর্দান্ত পারফরম্যান্স ও নিজেদের ব্যর্থতায় চিগুম্বুরার কণ্ঠে উত্তুঙ্গ আত্মবিশ্বাস খুঁজে পাওয়া গেল না এদিন! তবে ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ জেতার পর সেই জিম্বাবুয়ে অধিনায়কের কণ্ঠেই দারুণ কিছু করে দেখানোর প্রত্যয়।
গত বছর বাংলাদেশের কাছে ৮-০ ব্যবধানে হেরেছিল জিম্বাবুয়ে। ওয়ানডেতে ৫-০। টেস্টে ৩-০। তা-ই নয়, জয়হীন ছিল দুটি প্রস্তুতি ম্যাচেও। তিন দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হলেও জিম্বাবুয়ে বিশাল ব্যবধানে হেরেছিল বিসিবি একাদশের সঙ্গে এক দিনের প্রস্তুতি ম্যাচেও। এবার অবশ্য চিগুম্বুরাদের শুরুটা হয়েছে দারুণ। প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে পেয়েছে বড় জয়। জিম্বাবুয়ে অধিনায়ক এই জয়টাকে দেখছেন আত্মবিশ্বাসের বড় জ্বালানি হিসেবেই।
মাশরাফি-সাকিবদের বিপক্ষে অবশ্য জিম্বাবুয়ের সাফল্য নেই সেই ২০১৩ সালের ৮ মে থেকেই। গত বছরের ধবলধোলাইয়ের দুঃস্মৃতি তো টাটকাই। কিন্তু তিক্ত অতীত ভুলে সামনেই তাকাতে চান জিম্বাবুয়ে অধিনায়ক, ‘আফগানিস্তান এখন অতীত। ঘরের মাঠে বাংলাদেশ দারুণ দল। দুই দলই চায় জিততে। কাজেই এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবে। গত সিরিজে যা হয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানো জরুরি। আমাদের লক্ষ্য থাকবে বাংলাদেশের চেয়ে ভালো ক্রিকেট খেলা।’
জিম্বাবুয়ের বিপক্ষে বরাবরই সাফল্য পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনাররা। দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসান ও আবদুর রাজ্জাকের। এবারও জিম্বাবুয়ের কঠিন পরীক্ষাই নেবেন বাঁহাতি স্পিনাররা। তবে চিগুম্বুরা মনে করেন, বাংলাদেশের স্পিন সামলানোর সামর্থ্য জিম্বাবুয়ের আছে, ‘খেলোয়াড়েরা স্পিন ভালো খেলতে পারে। জানি যে মাঠে খেলা হবে, সেখানে পেসাররাও সহায়তা পাবে। আমরা নির্দিষ্ট কোনো বিভাগে মনোযোগ দিচ্ছি না। মনোযোগ সব বিভাগেই, সে স্পিনই হোক কিংবা পেস। যে আক্রমণই হোক খেলোয়াড়দের সবকিছু সামলাতে তৈরি থাকতে হবে।’
চিগুম্বুরা যেন বলতে চাইলেন, এবার অসহায় আত্মসমর্পণ নয়; লড়তেই এসেছে জিম্বাবুয়ে।