হারতে হারতে বাঁচল চট্টগ্রাম
এত কাছে তবু এত দূর! সিলেটের খেলোয়াড়েরা এমনটা ভাবতেই পারেন। জয়টা যে ধরা দিতে দিতে হারিয়ে গেল। দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের ৯ উইকেট তুলে নেওয়ার পরও প্রকৃতির বাধায় জেতা হলো না সিলেটের।
৩৭৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে এসে দিগ্ভ্রান্ত চট্টগ্রাম কাল ফতুল্লায় চার দিনের ম্যাচের শেষ দিনে নবম উইকেট হারায় ১৪৬ রানে, বিকেল ৫টা ৫ মিনিটে। আলোকস্বল্পতায় এরপর আর খেলা চালানো সম্ভব না হলে হাতের মুঠোয় চলে আসা ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো সিলেটকে।
প্রকৃতির ‘আশীর্বাদ’ ছাড়াও ম্যাচ বাঁচাতে চট্টগ্রামের পক্ষে বড় একটা অবদান আছে অভিষিক্ত সাঈদ সরকারের। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার ছয়ে নেমে সোয়া দুই ঘণ্টা এক প্রান্ত ধরে না রাখলে অনেক আগেই হেরে বসে চট্টগ্রাম। ১১৮ বলে ১০ চার ও ২ ছয়ে ইনিংস সর্বোচ্চ ৬৮ রান সাঈদের। ৪৮ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন সিলেটের বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌস।
এর আগে ২ উইকেটে ৭৪ রান নিয়ে দিন শুরু করা সিলেট মাত্র ১৯ ওভারেই আরও ১৬৯ রান যোগ করে ইনিংস ঘোষণা করে। জাকির হাসান ১০৪ বলে সর্বোচ্চ ৮৬ রান করলেও আসল তাণ্ডব চালিয়েছেন অলক কাপালি (৩১ বলে অপরাজিত ৫৮)। বাঁহাতি স্পিনার আরিফ আহমেদকে টানা তিন ছক্কা মেরে ৩৯ থেকে ৫৭ রানে পৌঁছে যাওয়া অলক এর আগে ছয় মেরেছেন আরও একটি।
ড্র হয়েছে তৃতীয় রাউন্ডের অন্য তিনটি ম্যাচও। বিকেএসপিতে রংপুর-রাজশাহী ম্যাচে ৬ রানের জন্য প্রথম সেঞ্চুরি পাননি রংপুরের ওপেনার সায়মন আহমেদ। কক্সবাজারে টানা দ্বিতীয় দিনের মতো একটি বলও মাঠে গড়ায়নি প্রথম স্তরের খুলনা-ঢাকা মহানগর ও ঢাকা বিভাগ-বরিশাল ম্যাচে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আপাতত জাতীয় লিগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শেষ তিন রাউন্ডের সূচি পরে জানানো হবে।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর: ২৩৪ ও ৭৯ ওভারে ২৩৩/৭ (সায়মন ৯৪, জাহিদ ৫২, সাজেদুল ২২; সানজামুল ৪/১০৬, মামুন ৩/৪২)। রাজশাহী ১ম ইনিংস: ২৬৮।
ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: জুনায়েদ সিদ্দিক।
সিলেট: ৪৪৪ ও ৪২ ওভারে ২৪৩/৫ ডি. (জাকির ৮৬, অলক ৫৮*, রাজিন ৩৪, সায়েম ২৬; আরিফ ৩/৮৫)। চট্টগ্রাম: ৩১৫ ও ৫৭.৩ ওভারে ১৪৬/৯ (সাঈদ ৬৮, ইয়াসির ২৩; রাহাতুল ৫/৪৮)।
ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: শাহানুর রহমান।