হারল সাকিবদের কেকেআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিংয়ে ১১ বলে ১৮ করে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান। তাঁর দল কলকাতা নাইট রাইডার্স তুলেছিল ১৮৩ রান। গৌতম গম্ভীর (৫১) ও মনীশ পান্ডের (৫০) ফিফটি ও ১৯ বলে আন্দ্রে রাসেলের অপরাজিত ৩৯ রানে কেকেআরের পৌনে দুশ ছাড়িয়ে যাওয়া স্কোর দেখে ম্যাচে যাঁরা তুমুল প্রতিদ্বন্দ্বিতার আশা করেছিলেন, তাঁদের ভুল প্রমাণ করলেন বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। দুজনের ব্যাটিং-তাণ্ডবে বড্ড ‘ছোট’ মনে হলো কেকেআরের রানটাকে। ৯ উইকেট ও ৮ বল হাতে রেখেই জিতল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
১১ বলের ইনিংসে ১টি চার ও ১টি ছক্কা মেরে তবু নিজের উপস্থিতিটা জানান দিয়েছিলেন। কিন্তু কাল কলকাতায় বল হাতে দেখা গেল ‘অচেনা’ সাকিবকে। ৪ ওভারে উইকেটশূন্য, দিয়েছেন ৩৯ রান। অবশ্য কেকেআরের সব বোলারই কমবেশি ডি ভিলিয়ার্স-কোহলির পিটুনির শিকার। আন্দ্রে রাসেল ২.৩ ওভারে দিয়েছেন ৩২ রান। পীযূষ চাওলা ৩.১ ওভারে ৩২ ও মরনে মরকেল ২ ওভারে ২০। ৫১ বলে ৭৫* করে ম্যাচসেরা কোহলি। ৩১ বলে ৫৯* করেন ডি ভিলিয়ার্স। ব্যক্তিগত ৪৯ রানে গেইলের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে কোহলি-ডি ভিলিয়ার্স ১১.১ ওভারে গড়েন অবিচ্ছিন্ন ১১৫ রানের জুটি। ক্রিকইনফো।