হারল সাকিবের কেকেআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিংয়ে ১১ বলে ১৮ করে অপরাজিত ছিলেন সাকিব। তাঁর দল কলকাতা নাইট রাইডার্স তুলেছিল ১৮৩ রান। কিন্তু এই স্কোরও এবি ডি ভিলিয়ার্স-বিরাট কোহলিদের ব্যাটিংয়ের কাছে বড্ড ‘ছোট’ মনে হলো। গৌতম গম্ভীর (৫১) ও মনীষ পান্ডের (৫০) ফিফটিতে ৫ উইকেটে করা কেকেআরের এই স্কোর ৯ উইকেট ও ৮ বল হাতে রেখেই টপকে গেল কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

১১ বলের ইনিংসে ১টি চার ও ১টি ছক্কা মেরে তবু নিজের উপস্থিতিটা জানান দিয়েছিলেন সাকিব। কিন্তু বল হাতে কাল তিনি ছিলেন ‘অচেনা’। ৪ ওভারে উইকেটশূন্য সাকিব দিয়েছেন ৩৯ রান। অবশ্য কেকেআরের সব বোলারই কমবেশি কোহলি-ডি ভিলিয়ার্সের বেধড়ক পিটুনির শিকার। আন্দ্রে রাসেল ২.৩ ওভারে দিয়েছেন ৩২ রান। পীযূষ চাওলা ৩.১ ওভারে ৩২ ও মরনে মরকেল ২ ওভারে ২০। ৫১ বলে ৭৫* করে ম্যাচসেরা কোহলি। ৩১ বলে ৫৯* করে অপরাজিত ডি ভিলিয়ার্স। দ্বিতীয় উইকেটে ১১.১ ওভারে দুজনের অবিচ্ছিন্ন ১১৫ জুটিই সহজ জয় এনে দিয়েছে বেঙ্গালুরুকে। ক্রিকইনফো।