হারল সাব্বিরের সেঞ্চুরিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরে কাল ব্যাটে ঝড় তুলেছিলেন সাব্বির রহমান। কিন্তু সাব্বিরের ১২২ রানের ইনিংসের পরও দারুণ লড়াই করে জয় ছিনিয়ে নিল বরিশাল বুলস। এমন জয়ে মুশফিক-আল আমিনদের উদ্‌যাপনও হলো দেখার মতো l শামসুল হক
মিরপুরে কাল ব্যাটে ঝড় তুলেছিলেন সাব্বির রহমান। কিন্তু সাব্বিরের ১২২ রানের ইনিংসের পরও দারুণ লড়াই করে জয় ছিনিয়ে নিল বরিশাল বুলস। এমন জয়ে মুশফিক-আল আমিনদের উদ্‌যাপনও হলো দেখার মতো l শামসুল হক

বিপিএলে রান হচ্ছে না বলে একটা হাহাকার ছিল। পরশু রাতে ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স ম্যাচ সেই হাহাকার কিছুটা হলেও দূর করেছে। কাল বরিশাল বুলস-রাজশাহী কিংসের ম্যাচ সেটিকে উড়িয়ে মারল মাঠের ওপারে! এক ম্যাচেই ৩৮৪ রান, একটি সেঞ্চুরি, দুটি ফিফটি, ২৭টি চার ও ২০টি ছক্কা। এরপর আর রান হচ্ছে না বলার সুযোগ কোথায়?
তবে রানবন্যা বইয়ে দেওয়ায় যাঁর সবচেয়ে বেশি অবদান, ম্যাচ শেষে তাঁর দলই নিমজ্জিত পরাজয়ের হতাশায়। শাহরিয়ার নাফীস ও মুশফিকুর রহিমের ফিফটির সৌজন্যে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৯২ রান করে বরিশাল বুলস। সাব্বির রহমানের সেঞ্চুরি রাজশাহী কিংসের জন্য সেই রানকেও একটা সময় অতিক্রমযোগ্য মনে করাচ্ছিল। কিন্তু তাঁর বিপিএল-সর্বোচ্চ ১২২ রানের তাণ্ডবের পর রাজশাহী এতটাই গুটিয়ে গেল যে, ৫ উইকেট হাতে নিয়েও ২৪ বলে ৩৪ রানের চ্যালেঞ্জ জিততে পারল না। থিসারা পেরেরার শেষ ওভারে দরকার ছিল ৯ রান। আবুল হাসান ও নুরুল হাসান মিলে নিতে পারলেন ৪। দুরূহ এক জয়ের খুব কাছে গিয়েও ৪ রানে হেরে ফিরল রাজশাহী কিংস।
ব্যক্তিগত ১৪ রানে আল আমিনের হাত থেকে পাওয়া ‘জীবনটা’কে দারুণভাবে কাজে লাগিয়েছিলেন সাব্বির। ২৬ বলে ফিফটি, ৫৩ বলে সেঞ্চুরি ও আউট হওয়ার আগে ৬১ বলে ১২২—শেরেবাংলা স্টেডিয়ামে বয়ে যাওয়া সাব্বির-ঝড়ের গতিবেগ এতেই স্পষ্ট। ৯টি করে চার আর ছক্কার সবগুলোতেই প্রকাশিত তাঁর টি-টোয়েন্টি সামর্থ্য। ইনিংসের দ্বিতীয় বলে ওপেনার রকিবুলের আউটের পর নেমে ১৬তম ওভার পর্যন্ত উইকেটে ছিলেন সাব্বির। ওভারপ্রতি ৯.৬৫ রান করে তোলার লড়াইয়ে তখন পর্যন্ত এগিয়ে ছিল রাজশাহীই। আল আমিনের করা ১৬তম ওভারের শেষ বলে সাব্বির মালানের হাতে ক্যাচ দিলেন, রাজশাহীর রান তখন ১৫৯। ওভারপ্রতি নেওয়া হয়ে গেছে ৯.৯৪ করে। কিন্তু টি-টোয়েন্টিতে ১৯২ রানের জবাব তো আর একা দেওয়া যায় না। সাব্বিরের ১২২ রানের পর রাজশাহীর দ্বিতীয় সর্বোচ্চ অধিনায়ক ড্যারেন স্যামির ২৭। ম্যাচের শেষ দৃশ্যে তাই সেঞ্চুরির আনন্দকে ছাপিয়ে হারের হতাশাটাই বেশি স্পষ্ট সাব্বিরের মধ্যে।
সাব্বির-ঝড়ের আগে শেরেবাংলা স্টেডিয়াম বুঁদ হয়েছিল মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফীসের ব্যাটিং-জাদুতে। ২১ রানে ২ উইকেট পড়ার পর দুজনের ১১২ রানের তৃতীয় উইকেট জুটি বড় রানের দিকে নিয়ে যায় বরিশাল বুলসকে। টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে শাহরিয়ারের দ্বিতীয় ফিফটি ইনিংসটি থেমেছে ৪৪ বলে ৬৩ করে। তিন ম্যাচে দুই ফিফটি মুশফিকেরও। কাল ৫২ বলে করেছেন ৮১, শাহরিয়ার ফিরে যাওয়ার পর থিসারা পেরেরার সঙ্গে গড়েছেন ৫৯ রানের জুটি।
মুশফিক এমন ব্যাটিং আগেও করেছেন। কাল নতুন মনে হলো উইলিয়ামসকে ডিপ মিড উইকেট দিয়ে দ্বিতীয় ছক্কাটি মারার পর যা করলেন, সেটা। আগের বলেই ফাইন লেগ দিয়ে চার মেরেছিলেন। পরের বলে বিশাল ছক্কা। সঙ্গে হাতের ইশারায় বোলার উইলিয়ামসকে বলের গতিপথটাও দেখিয়ে দিতে চাইলেন মুশফিক। তাঁর উদ্‌যাপনে বাঁধ দিতে এগিয়ে যেতে হয়েছে আম্পায়ারকে।
জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর সে বাধাও আর থাকল না। মুষ্টি পাকিয়ে শূন্যে ঘুষি ছোড়া মুশফিকের জয় উদ্‌যাপনটা হয়তো ছিল রাজশাহীর ড্রেসিংরুম লক্ষ্য করেই। নিজের ইনিংসে সাব্বির ঠিক ওভাবেই উদ্‌যাপন করে গেছেন একটার পর একটা ছক্কা। মুশফিক কি সেটারই জবাব দিলেন?

বরিশাল বুলস: ২০ ওভারে ১৯২/৪ (মুনাবিরা ০, ম্যালান ১৩, শাহরিয়ার ৬৩, মুশফিক ৮১*, থিসারা ২৪; রেজা ২/২২, মিরাজ ০/১৫, উইলিয়ামস ০/৩৭, প্যাটেল ০/২৭, হাসান ০/৪৯, স্যামি ১/৩৬)। রাজশাহী কিংস: ২০ ওভারে ১৮৮/৬ (মুমিনুল ১২, রকিবুল ০, সাব্বির ১২২, আকমল ০, প্যাটেল ১৫, স্যামি ২৭, নুরুল ৫*, হাসান ৩*; মনির ১/৩০, আল আমিন ৩/৩৫, হায়দার ১/২৯, এমরিট ১/৩৪, তাইজুল ০/২২, থিসারা ০/২৭, মুনাবিরা ০/৯)।

ফল: বরিশাল বুলস ৪ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সাব্বির রহমান।

খুলনা টাইটানস: ২০ ওভারে ১৪৪/৯ (ফ্লেচার ২৩, হাসানুজ্জামান ৩৭, শুভাগত ১৬, মাহমুদউল্লাহ ১১, পুরান ১২, অলক ৩, আরিফুল ৭, কুপার ১১, মোশাররফ ২, জুনাইদ ০*; মাশরাফি ৩/২৬, নাবিল ০/২৮, তানভীর ৩/১৯, রশিদ ১/২৫, জাইদি ০/১০, নাজমুল ২/৯, সাইফউদ্দিন ০/৭)। কুমিল্লা ভিক্টোরিয়ানস: ২০ ওভারে ১৩১/৯ (লিটন ৮, ইমরুল ২১, স্যামুয়েলস ৩০, নাজমুল ১০, জাইদি ১০, তানভীর ২১*, মাশরাফি ৫, রশিদ ১০, সাইফুদ্দিন ৪, সৈকত ০, নাবিল ০*; শুভাগত ১/২০, জুনাইদ ২/২৪, কুপার ১/১৬, মাহমুদউল্লাহ ০/২৮, মোশাররফ ১/২১, শফিউল ২/১৯)

ফল: খুলনা ১৩ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: শফিউল ইসলাম।