হারার ভয় যেন মাথায় না থাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রাজ্জাক
আবদুর রাজ্জাক

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে খেলবে আফগানিস্তান। ওরা খুব খারাপ দল, তা কিন্তু নয়। সাধারণ দল হিসেবে গণ্য করা ঠিক হবে না। ওদের বোলাররা ভালো। বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে। আগেও এই কলামে লিখেছি, এবারের বিশ্বকাপে কেউই সহজ দল না। তবে তুলনামূলকভাবে সহজ দল আফগানিস্তান। আমাদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। হারার ভয় মাথায় যেন না থাকে।

শ্রীলঙ্কা সেদিন ইংল্যান্ডকে হারিয়েছে। ভারতের বিপক্ষে ভালো খেলেছে আফগানিস্তান। বিশ্বকাপে কিছু কিছু ম্যাচ এমন হওয়ার কথা। এসব নিয়ে নেতিবাচক চিন্তা করলেই সমস্যা বাড়বে। মিডিয়ার কাছে আমার অনুরোধ, জেতার আগে জিতে যাওয়ার মতো কিছু করে বসবেন না। আবার আফগানিস্তান আমাদের হারিয়ে দেবে, এমন মনোভাবও দেখানো ঠিক হবে না।

এসবের প্রভাব পড়ে ক্রিকেটারের ওপর। হয়তো সাকিব, মাশরাফি, তামিম, মুশফিক, রিয়াদের ওপর পড়ে না। কিন্তু বাকি সবাই তো এক না। সবাই যদি এসব না ভেবে নিজ নিজ প্রক্রিয়া মেনে চলে, তাহলে ভালো ফল আসেই। সাধারণ একটি ম্যাচ হিসেবে দেখলেই কাজ সহজ হয়ে যায়। কারণ আমাদের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে যেটা হয়—আপনি জিতলে সবাই বলবে, ওদের সঙ্গে তো জেতার কথাই ছিল। না জিতলে আবার বিশাল সমস্যা। এটাই বড় চাপের বিষয়। আগে আমাদের সঙ্গে এমন হতো। এই ভয়েই আমাদের সঙ্গে সিরিজ খেলতে চাইত না বড় দলগুলো। এখন সেভাবে দেখার দিন শেষ। আফগানিস্তান এখন সেই জায়গায় আছে। যেকোনো দিন যেকোনো কিছু করে বসতে পারে আফগানিস্তান।

ক্রিকেট বিশ্বকাপের আগে থেকেই ওদের ক্রিকেটাররা অনেক কথা বলেছে। আমার কাছে ওদের কথাবার্তা অপরিণত খেলোয়াড়দের মতো মনে হয়েছে। ইতিবাচক মানসিকতা ধারণ করা ঠিক আছে। কিন্তু পেশাদার ক্রিকেটাররা এভাবে কথা বলে না। ওদের মধ্যে এখনো পেশাদারি মনোভাব আসেনি। ওদের এখনই এমন কথাবার্তা বলার সময় আসেনি। আর কথা বলে নাড়িয়ে দেওয়া এত সহজ নয় এই যুগে।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে রুবেলের খেলা উচিত। আমরা এই ম্যাচে ২ পয়েন্টের জন্য খেলব। সেই দিক থেকে আমাদের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমাদের একটু জোরের বোলার দরকার। আর সাইফউদ্দিন থাকলেও খুব বেশি পার্থক্য আসবে না।

বাংলাদেশ টানা পেস বোলিংনির্ভর দলের সঙ্গে খেলে এসেছে। আফগান স্পিনের সঙ্গে একটু মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। স্পিনে রান একটু কম হচ্ছে এবারের বিশ্বকাপে। রশিদ খান ওদের সেরা বোলার। তবে বিশ্বকাপে আহামরি বোলিং করেনি রশিদ। আমাদের টপ অর্ডারে অনেক বাঁহাতি আছে। সে ক্ষেত্রে মুজিব উর রেহমানকে একটু দেখে খেলতে হবে। তবে ইংল্যান্ডের এমন উইকেটে স্পিন খুব বেশি সমস্যা সৃষ্টি করবে না।

বাংলাদেশ নিজেদের ক্রিকেটটা খেললেই হবে। আফগানিস্তান কী করবে, এসব নিয়ে না ভেবে নিজেদের স্বাভাবিক খেলাটা দেখাতে পারলেই জয় সম্ভব। এখন পর্যন্ত বাংলাদেশ ব্র্যান্ডের ক্রিকেট খেলেই দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে মাশরাফিরা। আফগানিস্তান ম্যাচেও সেই চেনা বাংলাদেশকে দেখতে চাইব।