হারার ভয়ে দিনরাতের টেস্ট খেলবে না ভারত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবারাত্রির টেস্ত খেলতে রাজি হয়নি ভারত। ফাইল ছবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবারাত্রির টেস্ত খেলতে রাজি হয়নি ভারত। ফাইল ছবি

বছরের শেষভাগে অস্ট্রেলিয়ায় কোনো দলের টেস্ট সিরিজ মানেই দিবারাত্রির কাব্য লেখা। গত তিন বছর ধরেই অ্যাডিলেডে ফ্লাডলাইটের আলোয় সাদা পোশাকের টেস্ট খেলতে নামে অস্ট্রেলিয়া। এমন আয়োজনে প্রতিপক্ষ দলগুলোও সানন্দে রাজি হয়ে যায়। টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে প্রতিদিন হাজার পঞ্চাশেক দর্শকের সামনে খেলার সুযোগ কে-ই-বা হাতছাড়া করতে চায়। কিন্তু ভারত এবার সে প্রস্তাবে রাজি হয়নি। এতে খেপেছেন ইয়ান চ্যাপেল।

টেস্ট ক্রিকেটের পুনর্জাগরণের আশায় দিবারাত্রির টেস্টের উৎপত্তি। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বাদে বাকি সব দিবারাত্রির টেস্টেই দর্শকের উপস্থিতি ব্যাপারটা সঠিক প্রমাণ করেছে। চ্যাপেলদের বড় জন তাই ভারতের দিবারাত্রির টেস্ট খেলতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ, ‘বিসিসিআইয়ের সিদ্ধান্তটা খুবই হতাশার। অ্যাডিলেড দিবারাত্রির টেস্টের অনানুষ্ঠানিক ভেন্যুতে রূপ নিয়েছে। ফ্লাডলাইটের নিচে তিন বছরের দুর্দান্ত সাফল্য শক্তিশালী ভারতীয় দলের উপস্থিতিতে আরেকটু উজ্জ্বল হবে, এমন আশাই করছিল সবাই।’

২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিবারাত্রির টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। প্রতিবারই এ ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে আগ্রহ থাকে। ইয়ান চ্যাপেলের ধারণা, দিবারাত্রির ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব, ‘সমর্থকদের জন্য ম্যাচ দেখার সবচেয়ে উপযুক্ত সময়ে দিবারাত্রির টেস্ট হয়—এটা ছাড়া আরও অনেক বাড়তি সুবিধা আছে। দিবারাত্রির টেস্ট অনেক ক্রিকেটীয় সম্ভাবনার জন্ম দেয়। কন্ডিশনের দ্রুত পরিবর্তনের কারণে কৌশলে ভিন্ন কিছু আনতে হয়। বিশেষ করে ব্যাটিং ও বোলিং অর্ডার নিয়ে ভাবতে হয়। এ ছাড়া বোলার ও অধিনায়কের চিন্তার ক্ষমতা বাড়ানোর অনেক বড় সুযোগ দিবারাত্রির টেস্ট। এমন দুটো জিনিস এনে দিতে পারে যা, সেটা অবশ্যই ক্রিকেটের জন্য ভালো।’

দিবারাত্রির টেস্ট খেলার পেছনে প্রস্তুতির অভাবসহ বেশ কিছু যুক্তি দাঁড় করিয়েছে ভারত। কিন্তু সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়কের ধারণা, ওসব যুক্তি মিথ্যা। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারবিহীন অস্ট্রেলিয়া দলকে হারানোর সুযোগ হাতছাড়া করতে চায় না ভারত। এখন পর্যন্ত চারটি দিবারাত্রির টেস্টে অংশ নিয়ে প্রতিবারই জয়ী হয়েছে অস্ট্রেলিয়া। আর এ কারণেই ক্রিকেটের বৃহত্তর স্বার্থ পাত্তা পাচ্ছে না ভারতের কাছে, ‘বিসিসিআই এই যুক্তিই দিক না কেন, সেটা মানা কঠিন। আসলে ওরা চায় তুলনামূলক দুর্বল অস্ট্রেলিয়াকে পেয়ে প্রতিপক্ষের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিততে। এ খেলাটার ভালো হবে, এমন চিন্তার ছাপ আমি কোথাও দেখতে পাই না। যে যুগে টি-টোয়েন্টি লিগ পুরো বাজার দখল করে রেখেছে, টেস্ট ক্রিকেটকে বাঁচাতে চাইলে কর্মকর্তাদেরই এগিয়ে আসতে হবে।’