হারার সময় ঘুমাচ্ছিলেন অধিনায়ক!

রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল! রোমান সম্রাট নিরোর চরম দায়িত্বহীনতারই জানান দিয়ে যায় বাক্যটি। তবে কাল সিডনি টেস্ট শেষে জেমস অ্যান্ডারসন জো রুটের ‘গভীর ঘুমে’ থাকার খবরটি দিয়েছেন ইংল্যান্ড অধিনায়কের বীরত্বগাথা বোঝাতে!
দল মাঠে হারছে, সেই সময় ড্রেসিং রুমে নাক ডেকে ঘুমাচ্ছেন অধিনায়ক! ভাবছেন এতে বীরত্বের কী আছে! এমন ভাবাটা ভুল কিছু নয়। তবে সিডনি টেস্টে বেচারা রুট যে লড়াইটা করেছেন, সেদিকে তাকালে তাঁকে ‘নায়ক’ না বলে উপায় কী! তা হোন না তিনি পরাজিত নায়ক।
মাঠের বাইরের বিতর্ক, একের পর এক হার, সবশেষে সিডনির চরম গরমে পানিশূন্যতা আর ডায়রিয়ায় আক্রান্ত হওয়া। সবকিছুর সঙ্গে লড়াই করতে করতে বড় ক্লান্ত হয়ে পড়েছিলেন রুট। ইংল্যান্ড অধিনায়ককে বেশি কাবু করেছে সিডনির পরশুর গরমটাই। সেদিন সিডনির তাপমাত্রা ছিল ৪৭ দশমিক ৩ ডিগ্রি সেন্টিগ্রেড। ১৯৩৯ সালের পর যেটা রেকর্ড সর্বোচ্চ। তীব্র এই গরমে প্রায় সারা দিনই মাঠে কাটাতে হয়েছে। প্রথম দেড় সেশন কাটিয়েছেন ফিল্ডিং করে। ইংল্যান্ড দ্রুত উইকেট হারানোয় পরের সময়টুকু ব্যাট হাতে ছিলেন মাঠে।
রোববার শেষ সেশনে ছন্দময় ব্যাটিং করে উইকেটে ছিলেন রুট। তাঁর সেই ব্যাটিং দেখেই সিডনিতে শেষ টেস্টে অন্তত ড্র নিয়ে ফেরার স্বপ্নও দেখছিল ইংলিশরা। কিন্তু কাল পঞ্চম দিন সকালে ব্যাট করতেই নামলেন না! তাঁর জায়গায় ব্যাট হাতে দেখা গেছে মঈন আলীকে। তাহলে রুট কোথায়? পেটের পীড়ার কারণে পুরো রাতই হাসপাতালে কাটাতে হয়েছে ইংলিশ অধিনায়ককে। সকালে মাঠে ঢোকার সময় তাঁর হাতে লাগানো ছিল হাসপাতালের ট্যাগ! ব্যাট হাতে দাঁড়িয়ে থাকার মতো অবস্থাতেই হয়তো ছিলেন না।
ম্যাচটা যদি বাঁচানো যায়! এই আশা নিয়েই হয়তো এরপরও রুট ব্যাট হাতে নামলেন, মঈন আউট হওয়ার পর। তবে বেশিক্ষণ আর উইকেটে থাকতে পারলেন কই? মধ্যাহ্ন বিরতিতে গিয়ে আর ফিরে আসেননি। পানিশূন্যতা আর ডায়রিয়ার সঙ্গে বমি করতে করতে নাজেহাল হয়ে পড়েছেন। আগের দিন অপরাজিত ছিলেন ৪২ রানে। ম্যাচ শেষে স্কোর বোর্ডে তাঁর নামের পাশে লেখা ছিল-রুট ১৬৭ বলে ৫৮ রান, আহত অবসর।
ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মাঠে আসেননি। পুরস্কার দেওয়ার সময়ও রুটকে দেখা যায়নি। সেখানে তাঁর হয়ে কথা বলেছেন সহ-অধিনায়ক অ্যান্ডারসন। সেখানেই রুটের অবস্থার কথা জানিয়েছেন ইংলিশ পেসার, ‘পুরো রাতই সে পেটের পীড়ায় ভুগেছে। একটুও ঘুমাতে পারেনি, কিছু খায়নি। তার ডায়রিয়া হয়েছে, সঙ্গে বমিও। এই মুহূর্তেও সে ভালো নেই। সেরে ওঠার জন্য ড্রেসিংরুমে গভীর ঘুমে আছে সে।’
ইচ্ছা থাকলেও অ্যাশেজের শেষ দিনে লড়াইটা চালিয়ে যেতে পারেননি রুট। তবে অধিনায়ক যেটুকু লড়াই করেছেন, তা নিয়েই দলের সবাই সন্তুষ্ট বলে জানান অ্যান্ডারসন, ‘সব মিলিয়ে এই অবস্থায় মাঠে নামা আর ব্যাট করাটাই তার চেষ্টাটা বুঝিয়ে দেয়। এতে তার মানসিক দৃঢ়তার বিষয়টিও বোঝা যায়।’ অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথও রুটের এই দৃঢ়তায় মুগ্ধ, ‘এই অবস্থায় ব্যাট করতে নামাটা খুব সাহসের ব্যাপার। তার যে সমস্যা হচ্ছিল, সেটা বোঝাই যাচ্ছিল। বিশেষ করে রান নেওয়ার সময়। সে দৃঢ় মানসিকতার মানুষ।’
এই অবস্থায় ব্যাটিংয়ে নেমে রুট যে বড় ঝুঁকি নিয়েছেন, তা বলেছেন নিউ সাউথ ওয়েলস ইনস্টিটিউট অব স্পোর্টসের প্রধান বিজ্ঞানী ড. কেনেথ গ্রাহামও। পানিশূন্যতা আর ডায়রিয়ায় কারণে রক্তচাপ মাত্রাতিরিক্ত কমে যাওয়ায় ‘হিট স্ট্রোক’ও হতে পারত রুটের!
এসব জানার পর কি আর রুটের ‘বীরত্ব’ নিয়ে প্রশ্ন তোলার মতো কেউ থাকবেন! এএফপি, রয়টার্স, ক্যানবেরা টাইমস।
অ্যাশেজের সেরা পাঁচ
ব্যাটসম্যান
| ইনিংস | রান | সর্বোচ্চ | গড় | ১০০/৫০ |
স্টিভেন স্মিথ | ৭ | ৬৮৭ | ২৩৯ | ১৩৭.৪০ | ৩/২ |
শন মার্শ | ৭ | ৪৪৫ | ১৫৬ | ৭৪.১৬ | ২/২ |
ডেভিড ওয়ার্নার | ৮ | ৪৪১ | ১০৩ | ৬৩.০০ | ১/৩ |
ডেভিড ম্যালান | ৯ | ৩৮৩ | ১৪০ | ৪২.৫৫ | ১/৩ |
জো রুট | ৯ | ৩৭৮ | ৮৩ | ৪৭.২৫ | ০/৫ |
বোলার
| ওভার | উইকেট | সেরা | গড় | ৫ |
প্যাট কামিন্স | ১৯৭.১ | ২৩ | ৪/৩৯ | ২৪.৬৫ | ০ |
মিচেল স্টার্ক | ১৬২.৩ | ২২ | ৫/৮৮ | ২৩.৫৪ | ১ |
জশ হ্যাজলউড | ১৯০.৫ | ২১ | ৫/৪৮ | ২৫.৯০ | ১ |
নাথান লায়ন | ২৬০.১ | ২১ | ৪/৬০ | ২৯.২৩ | ০ |
জেমস অ্যান্ডারসন | ২২৩.৩ | ১৭ | ৫/৪৩ | ২৭.৮২ | ১ |