হারারেতে জিম্বাবুয়ের রেকর্ড হার

দলগত খেলা হলেও ক্রিকেটে কখনো কখনো একজনের ওপর ভরে করে জিতে যায় কোনো দল। কিন্তু সেই একজনকে ঘিরে বাকিদের সহযোগিতাটা অন্তত লাগে। আজ হ্যামিল্টন মাসাকাদজা এমন কোনো সঙ্গী পেলেন না। প্রথমে ব্যাট করে ৩৫০ রান তুলে ম্যাচ থেকে জিম্বাবুয়েকে ছিটকেই দিয়েছিল অস্ট্রেলিয়া। মাসাদাকজার ৭০ রানের ইনিংসটির পরও ১৯৮ রানে বিশাল পরাজয় বরণ করতে হলো জিম্বাবুয়েকে। ১৫২ রানে অলআউট হওয়া জিম্বাবুয়ের নিজেদের মাঠে এটাই সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড।
মাত্র ২৮ বলে ফিফটি করা গ্লেন ম্যাক্সওয়েল ৪৬ বলে ৯টি ও ৫ ছক্কায় ৯৩ রান করে আউট হয়েছেন। তবে তিনি নন। ৭৯ বলে ৬৭ রান করা অ্যারন ফিঞ্চও নন। ৮৩ বলে ৮৯ রান করা মিচেল মার্শ হয়েছেন ম্যাচসেরা। ৫ ওভার বল করে ১৫ রান দিয়ে ১ উইকেট নেওয়াটাও মার্শের পক্ষে গেছে।
১০ বছর পর জিম্বাবুয়ে সফরে আসা অস্ট্রেলিয়া বলে দিয়েছিল সিরিজটা হালকাভাবে নেওয়া হয়নি। সেটাই যেন হারারের প্রথম ম্যাচে বুঝিয়ে দিল। টেন ক্রিকেট।