হারারেতেই আগের টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত খেলছিলেন। কিন্তু কপাল মন্দ, সেঞ্চুরিটা পাননি। আউট হয়ে গিয়েছিলেন ৬৪ রানে। তবে ধনঞ্জয় ডি সিলভার সেই আক্ষেপ বেশি দিন থাকল না। একই মাঠে কাল সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি পেয়ে গেলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার। ধনঞ্জয়ের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণও শ্রীলঙ্কার হাতে। ৫ উইকেটে ২৯০ রান তুলে দিন শেষ করেছে রঙ্গনা হেরাথের দল।
অথচ শুরুটা দেখে অন্য রকম মনে হচ্ছিল। সকালের আর্দ্রতা আর জিম্বাবুইয়ান বোলারদের দারুণ বোলিংয়ে মধ্যাহ্নবিরতির আগেই ৮৪ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। সেটা বিরতির পরপরই ৪ উইকেটে ১১২ হয়ে যায়। সেখান থেকে দলকে টেনে তোলেন ধনঞ্জয়। পঞ্চম উইকেটে উপুল থারাঙ্গার সঙ্গে গড়েন ১৪৩ রানের জুটি। ১৫৫ বলে ৭৯ রান করে গ্রায়েম ক্রেমারের বলে হ্যামিল্টন মাসাকাদজার হাতে ক্যাচ দিয়ে থারাঙ্গা ফিরে গেলেও ধনঞ্জয় উইকেটে রয়ে গেছেন। আসেলা গুনারত্নের সঙ্গে এরই মধ্যে ৩৫ রানের জুটিও হয়ে গেছে তাঁর। প্রথম ইনিংসে বড় রানের জন্য আজ এই জুটির দিকেই তাকিয়ে থাকবে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৯০ ওভারে ৫ উইকেটে ২৯০ (ধনঞ্জয় ১০০*, থারাঙ্গা ৭৯, কুশল সিলভা ৩৭; মাসাকাদজা ২/১৮, ক্রেমার ১/৫৭, তিরিপানো ১/৬৩, পফু ১/৬৫)।