হারারেতে ব্যাটসম্যানদের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরি থেকে চার রানের দূরত্বে দ্বিতীয় দিনটি শেষ করেছিলেন তাসামুল হক। বছরের ষষ্ঠ প্রথম শ্রেণির সেঞ্চুরির অপেক্ষায় পুরো একটা রাত কাটানো বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যান কাল খেলা শুরু হতেই পেয়ে গেলেন তিন অঙ্কের দেখা। মুখোমুখি হওয়া অষ্টম বলটাকে সীমানার বাইরে পাঠিয়েই সেঞ্চুরি ছুঁয়েছেন তাসামুল। তাসামুলের মতোই ২০১৫ সালে ছয়টি সেঞ্চুরি পাওয়া মোসাদ্দেক আউট হয়েছেন ৮৫ রান করে। এ ছাড়া নুরুল হাসান করেছেন ৫২। ৪ উইকেটে ২৭৪ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংস থেমেছে ৪০২ রানে।
তাসামুল ২২২ বলে ১০ চারে করেছেন ১০২ রান। ৯৩ বলে ৯ চার ও ২ ছক্কায় ৮৫ রান মোসাদ্দেকের। এই নিয়ে টানা ১০টি প্রথম শ্রেণির ম্যাচে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন মোসাদ্দেক।
৯৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা জিম্বাবুয়ে ‘এ’ ভালোই জবাব দিচ্ছে। মাত্র ১ উইকেট হারিয়ে ২২৩ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকেরা। প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার-সর্বোচ্চ ১২১ রান নিয়ে অপরাজিত আছেন ব্রায়ান চারি। পিটার মুর অপরাজিত ৯৩ রানে। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ২১৫ রান যোগ করেছেন এই দুজন।
এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি প্রথম শ্রেণির সেঞ্চুরি
(বাংলাদেশের ব্যাটসম্যান)
                         সাল
৬ মোসাদ্দেক হোসেন ২০১৫
৬ তাসামুল হক ২০১৫
৫ জহুরুল ইসলাম ২০১০
৫ ইমরুল কায়েস ২০১৪
৫ লিটন দাস ২০১৫
৫ ইমরুল কায়েস ২০১৫