হারারেতে হারল জিম্বাবুয়ে

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৩৯৭ রানেই বেঁধে ফেলেছিল জিম্বাবুয়ে। সুযোগ ছিল দ্বিতীয় ইনিংসে ভালো কিছু করার। কিন্তু জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা খাবি খেলেন প্রোটিয়া বোলারদের সামনে। হারারে টেস্টে হারতে হলো ৯ উইকেটে।
জিম্বাবুয়ের দেওয়া ৪১ রানের মামুলি লক্ষ্যটা কেবল ডিন এলগারের উইকেটটি খুইয়ে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। ফেরার আগে সর্বোচ্চ ২১ করেন এ বাঁ-হাতি। এ জয়ে এক টেস্টের সিরিজটাও পকেটে পুরে নিল প্রোটিয়ারা। টানা দুই টেস্ট সিরিজ জিতে অধিনায়ক-পর্বের শুরুটা দারুণ হলো হাশিম আমলার।
আগের দিনে ১ উইকেটে ২৮ রানের সঙ্গে আজ ১৫৩ রান যোগ করল জিম্বাবুয়ে। ডেল স্টেইন, মরনে মরকেল ও ডেন পিটের সম্মিলিত আক্রমণের সামনে সিবান্দা ও রিচমন্ড মুতুম্বামি ছাড়া আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারলেন না। ১২৪ রানে ৭ উইকেট পতনের পর মুতুম্বামি ও নিয়ুম্বুর অষ্টম উইকেট জুটিতে সর্বোচ্চ ৫৪ এল। ৪৩ করে স্টেইনের বলে মুতুম্বামি ফিরলে কার্যত শেষ হলো জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস। অলআউট ১৮১ রানে। সর্বোচ্চ ৪ উইকেট নিলেন পিট। ম্যাচ সেরাও তিনি। তথ্যসূত্র; টেন অ্যাকশন ও ক্রিকইনফো।