হারিয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় পৃথিবীজুড়ে ছিল ডাইনোসরের রাজত্ব। অতিকায় সেই ডাইনোসররা এখন শুধুই গল্প। ডাইনোসরদের মতোই কি গল্প হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট! একটা সময় ক্রিকেট-বিশ্বে একচ্ছত্র রাজত্ব করা ক্যারিবীয়রা কি হারিয়ে যাবে ক্রিকেট মানচিত্র থেকে? ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) সাবেক পরিচালক বলদাথ মহাবীরের শঙ্কা কিন্তু ও রকমই।
গত মাসে ডব্লুআইসিবি থেকে পদত্যাগ করার পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে অপেশাদার, অথর্ব ও অলস বলেছিলেন মহাবীর। ব্রায়ান লারার দেশ ত্রিনিদাদ ও টোবাগোর এই ক্রিকেট সংগঠক এখন যেন ক্যারিবীয় ক্রিকেটের শেষের সময়টা দেখছেন দিব্যদৃষ্টিতে। আগামী ১০ বছরের মধ্যেই ভেঙে যাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ নামে আর কোনো ক্রিকেট দল থাকবে না ক্রিকেট-বিশ্বে। তার বদলে ১৬টি দেশ আলাদা দল হিসেবে খেলবে।
গত দুই দশকে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মানেই ব্যর্থতার গল্প। একের পর এক ব্যর্থতায় তলানিতে ঠেকেছে ক্যারিবীয় ক্রিকেটের সব অর্জন। পুরো একটা প্রজন্মের কাছে ক্যারিবীয় ক্রিকেট নিয়ে গর্ব করার কিছুই নেই।

>গত দুই দশকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মানেই ব্যর্থতার গল্প। একের পর এক ব্যর্থতায় তলানিতে ক্যারিবীয় ক্রিকেটের সব অর্জন

ওয়েস্ট ইন্ডিজ এখন আছে টেস্ট র্যাঙ্কিংয়ের আট নম্বরে। ওয়ানডেতে নয়ে নেমে গিয়ে বাদ পড়েছে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি থেকে। শুধু টি-টোয়েন্টিতেই ভালো আছে ক্যারিবীয়রা। ২০ ওভারের ক্রিকেটে দুইয়ে আছে দলটি। মহাবীরকে ভাবাচ্ছে এটাই, ‘২০ বছরের কম বয়সীদের ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে কোনো ভাবাবেগ নেই। ওই আবেগটা আমাদের ছিল, কারণ আমরা জানতাম আমরাই বিশ্বসেরা। এই প্রজন্ম গ্রিনিজ, রিচার্ডস, লয়েড সম্পর্কে কিছুই জানে না, জানে না তারা কতটা ভালো খেলত।’ মহাবীর নিজে চান না ক্যারিবীয় ক্রিকেট শেষ হয়ে যাক, কিন্তু বর্তমান প্রজন্ম একটা বাস্তব উপলব্ধিও তাঁকে উপহার দিচ্ছে, ‘গত দুই দশকে তারা তাদের দলকে শুধু অসহায়ভাবে হারতেই দেখেছে। এবার ১০ বছর সামনে যাওয়া যাক, আপনি কি সে সময়েও এ রকম একটা দলের পেছনে থাকবেন? থাকবেন এ রকম একটা ব্র্যান্ডের সঙ্গে। আর এই সময়ে তো বিপণন ও খেলাধুলায় ব্র্যান্ডটাই আসল। আমি চাই না এ রকম হোক, তবে শঙ্কাটা আছেই।’
একটা দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ থাকবে কি থাকবে না সেটা ভবিষ্যৎই বলে দেবে। তবে এই সপ্তাহেই অস্তিত্ব রক্ষায় বসতে হচ্ছে ডব্লুআইসিবি বোর্ড পরিচালকদের। ক্যারিবিয়ানের আঞ্চলিক সহযোগিতা সংস্থা (ক্যারিকম) খুব দ্রুতই ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছে ডব্লুআইসিবিকে। সেন্ট লুসিয়ায় আলোচনা হবে জরুরি এই বিষয়েই। তবে সম্ভবত বোর্ড ভেঙে অন্তর্বর্তী কমিটি এবার হচ্ছে না। সিডনি মর্নিং হেরাল্ড।