হারে আক্ষেপ জয়েও আক্ষেপ
বিস্ফোরক ব্যাটিং যদি টি-টোয়েন্টি ক্রিকেটের বিজ্ঞাপন হয়, তবে পরশু মুম্বাইয়ে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে সেটির অনন্য এক প্রদর্শনীই হলো। রোমাঞ্চ ছিল, নখ কামড়ানো উত্তেজনা ছিল, ছিল বিস্ময়ে অভিভূত হওয়া অনেক মুহূর্তও। যে বিজ্ঞাপনের শেষভাগে হাসিটা ফুটেছে ইংলিশদের মুখে, দক্ষিণ আফ্রিকার ২২৯ রান তাড়া করে তারা জিতেছে। অথচ কী আশ্চর্য, ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের মুখেই কেমন আক্ষেপের সুর!
যদি বলা হয় এমন রোমাঞ্চে ঠাসা ম্যাচের ফল ঠিক করে দিয়েছে ‘মি. এক্সট্রা’, তাহলে কি খুব ভুল হবে? ম্যাচে ২০টি ওয়াইডসহ ২৬টি অতিরিক্ত রান দিয়েছেন স্টেইন-রাবাদারা, টি-টোয়েন্টির রেকর্ডে যেটি যৌথভাবে তৃতীয়। এবার ভাবুন, শেষ ওভারে রোমাঞ্চ জাগিয়ে দুই বল হাতে রেখে ২ উইকেটে জিতেছে ইংল্যান্ড। এই অতিরিক্ত রানগুলো যদি না হতো!
এটিই আক্ষেপ হয়ে ঝরল ডুমিনির কণ্ঠে, ‘অবশ্যই ২২৯ রান রক্ষা করার মতো সামর্থ্য আমাদের আছে। কিন্তু বোলিংটা ভালো হয়নি। দুর্ভাগ্য, অতিরিক্ত রান বেশি দিয়ে ফেলেছি। অনেক বেশি ওয়াইড হলো।’
দল হারায় ডুমিনির আক্ষেপ হবেই। কিন্তু জিতেও রুটের কেন আক্ষেপ? উচ্চাকাঙ্ক্ষা। এমন দুর্দান্ত জয়ের পরও দলের পারফরম্যান্সে পুরো খুশি হতে পারছেন না ইংলিশ ব্যাটসম্যান। অবশ্য এখানে ‘যাহাই আক্ষেপ, তাহাই আশা’। রুট বলেছেন, ‘আমরা নিজেদের সেরাটা খেলতে পারিনি। অবশ্য ভালো দিক হচ্ছে, তার পরও এত বড় লক্ষ্য তাড়া করে জিতেছি। এটা টুর্নামেন্টে দলকে অনেক প্রেরণা জোগাবে।’
আগের ম্যাচে গেইলের তাণ্ডবে বিধ্বস্ত, আর এক ম্যাচ পরই কেমন চনমনে ইংল্যান্ড। জয় আসলেই আত্মবিশ্বাস বদলে দেয়। সূত্র: আইবিএন।