হারে এবির প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে অপেক্ষা ফুরোল ক্রিকেটামোদীদের। পরশু প্রায় ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন এবি ডি ভিলিয়ার্স। তবে ফেরার মুহূর্তটা অম্লমধুর হয়েই থাকল তাঁর জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দারুণ খেলেছেন এবি। ৪৪ বলে ৬৩ রান করেছেন, দক্ষিণ আফ্রিকাও পেয়েছিল ১৬৯ রানের বড় স্কোর।

জয়ের জন্য একেই যথেষ্ট মনে হচ্ছিল। কিন্তু প্রোটিয়া ফিল্ডারদের স্বভাববিরুদ্ধ ভুলে সে ম্যাচটাই ১ বল বাকি থাকতে জিতে গেল শ্রীলঙ্কা। মোট পাঁচটি ক্যাচ ফেলেছেন স্বাগতিক ফিল্ডাররা। এর তিনটিই ওয়েইন পারনেলের টানা তিন বলে! সপ্তম ওভারের ওই নাটকে বেঁচে যাওয়া নিরোশান ডিকভেলাই সর্বনাশ করেছেন দক্ষিণ আফ্রিকার। এই ওপেনারের ৫১ বলে ৬৮ রানে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। তবে লঙ্কানদের সিরিজ জয় নিশ্চিত করেছেন সেকুগে প্রসন্ন, তাঁর ১৬ বলে ৩ চার ও ৩ ছক্কার ৩৭ রানেই ৫ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা।

আগামীকাল শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এএফপি।