হারে শুরু অস্ট্রেলিয়ার 'গ্রীষ্ম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার জয়ের অন্যতম নায়ক কাগিসো রাবাদা। ছবি: এএফপি।
দক্ষিণ আফ্রিকার জয়ের অন্যতম নায়ক কাগিসো রাবাদা। ছবি: এএফপি।

অসম্ভবের পথে হাঁটতে গিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া গেলেও শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছানো যায় না। পার্থ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঠিক একই ব্যাপার ঘটল অস্ট্রেলিয়ার। ৫৩৯ রানের ‘অসম্ভব’ এক লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩৬১ রানেই থেমে যেতে হলো তাদের। ১৭৭ রানে হেরে ১৯৮৮ সালের পর এই প্রথম ঘরের মাঠে গ্রীষ্মের প্রথম টেস্টেই হারের তেতো স্বাদ পেল ‘ব্যাগি গ্রিন’রা। 


কাল অসম্ভবকে ‘তাড়া’ করা শুরু করেছিলেন ডেভিড ওয়ার্নার। ঝড়ের গতিতে রান তুলছিলেন। কিন্তু ঝড়টা বেশিক্ষণ স্থায়ী হয়নি এক রান আউটে। টেম্বা বাভুমা শূন্যে ভেসেই থ্রো করে ভেঙে দিলেন ওয়ার্নারের স্টাম্প। ‘অবিশ্বাস্য’ এক আউটের শিকার হওয়ার ধাক্কাতেই কি না, বেশ দ্রুতই অস্ট্রেলিয়া হারিয়ে বসল আরও ৩ উইকেট। এরপর লক্ষ্যের কাছে আর কীভাবে যায় তারা!

উসমান খাজা তবু ছিলেন আস্থার প্রতীক হয়ে। কাল একবার ডিআরএসের কল্যাণে বেঁচে গিয়েছিলেন। কিন্তু আজ আর বাঁচতে পারেননি। তাঁর ৯৭ রানের ইনিংসটা অবশ্য পরাজয়ের ব্যবধান কমাতে সাহায্য করেছে।

উসমান খাজার পর লড়েছেন গ্যারি নেভিল। তাঁর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটিটি (৬০) মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছিল প্রোটিয়াদের। নবম উইকেটে জশ হ্যাজেলউডের সঙ্গে ৬৫ রানের দুর্দান্ত জুটি গড়ে বেশ কিছুক্ষণ ঠেকিয়ে রেখেছিলেন পরাজয়। কিন্তু শেষ পর্যন্ত তিনিও পারেননি। এক দিক আগলে নেভিল অবশ্য শেষ পর্যন্ত অপরাজিতই রইলেন। হ্যাজেলউডও ৭১ বলে ২৯ রান করে নেভিলকে দারুণ সঙ্গ দিয়েছেন।

আগের দিন ১৫ রানে অপরাজিত মিচেল মার্শ আজ সকালেই আউট হন ২৬ রান করে। তাড়া করতে নেমে এটাই অস্ট্রেলিয়ার বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। কোনো ব্যাটসম্যানই লম্বা ইনিংস খেলতে পারেননি। মিচেল মার্শ যেমন ২৬ রানে ফিরেছেন, ঠিক তেমনি ৩৪ রান করে ফেরেন অধিনায়ক স্টিভেন স্মিথ।

৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মূল ‘ঘাতক’ কাগিসো রাবাদা। শন ও মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, অ্যাডাম ভোজেস ও মিচেল স্টার্ক-সবাই তাঁর শিকার। একটি করে উইকেট ভারনন ফিল্যান্ডার, জেপি ডুমিনি, টেম্বা বাভুমা ও কেশব মহারাজের। সূত্র: স্টার স্পোর্টস