হারে শুরু অস্ট্রেলিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডারের নামে মাঠ। গ্যালারির একটি অংশ সাবেক বাংলাদেশ কোচের নামে, ‘স্টুয়ার্ট ল স্ট্যান্ড।’ অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেট একাডেমিও অ্যাডিলেড থেকে ২০০৪ সালে নিয়ে আসা হয়েছে এখানে। কাল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ নামে যে দলটি বাংলাদেশের বিপক্ষে খেলল, বিশ্বকাপ দলগুলোর তুলনায় সেটি একাডেমি দলের মতোই। সেই দলের কাছে হার দিয়ে শুরু হলো মাঠের ক্রিকেটে বাংলাদেশের প্রস্তুতি। ব্রিসবেনে কাল প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে।
এমনিতে প্রস্তুতি ম্যাচে জয়-হার খুব বড় ব্যাপার নয়। আর বাংলাদেশ দল অস্ট্রেলিয়া যাওয়ার পর এটি তো প্রথম ম্যাচ! তবে গত সপ্তাহ খানেক ধরে এই মাঠেই অনুশীলন করে আসছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ দলটিও একদম আনকোরা। সেই দলের কাছেই খুব একটা পাত্তা না পাওয়া প্রশ্ন ও সংশয়ের জন্ম দেয় বটে!
প্রস্তুতির জন্য দুদলই খেলিয়েছে ১৩ জন, ব্যাটিং-বোলিং করেছে ১১ জন করে। বাংলাদেশের ব্যাটিংয়ে নেমেছিলেন যেমন আটজন স্পেশালিস্ট ব্যাটসম্যান। তবু গড়া হয়নি বড় স্কোর। বাংলাদেশের হারার ম্যাচে জিতলেন কেবল মুমিনুল হক। ওই কন্ডিশনে খেলার সামর্থ্য নিয়ে প্রশ্ন তাঁর সঙ্গী, লড়াই করছেন একাদশে জায়গা নিয়ে। প্রথম সুযোগেই জোর দাবি জানিয়ে রাখলেন। ৬৫ বলে ৩ চার ও ১ ছক্কায় করেছেন ৫২। আউট হননি, পরের ব্যাটসম্যানদের সুযোগ দিতে তুলে নেওয়া হয়েছিল মুমিনুলকে। অথচ পরে দল গুটিয়ে গেছে ২৬ বল আগেই!
তামিম ইকবাল এখনো চোট কাটিয়ে ফেরার অপেক্ষায়। খেলবেন না পরের প্রস্তুতি ম্যাচেও। ওপেনিংয়ে এনামুল হকের সঙ্গী তাই সৌম্য সরকার। এনামুলের বিদায়ে ভেঙেছে ২৬ রানের উদ্বোধনী জুটি। ২ চার ও ১ ছয়ে ৪৭ বলে ৩৩ সৌম্য। তৃতীয় উইকেটে মুমিনুল ও মাহমুদউল্লাহ রান বাড়িয়েছেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। ৯১ বলে ৮৫ রানের জুটি ভেঙেছে মাহমুদউল্লাহর (৫৫ বলে ৪২) বিদায়ে, ৩০ ওভারে দল তখন দেড় শর দোরগোড়ায়। এরপর মুমিনুলকে তুলে নেওয়া, এক ছক্কায় ১৪ রান করে সাকিবের বিদায়। বাংলাদেশ তবু দুই শ তুলে ফেলে ৩৮ ওভারে, হাতে ৫ উইকেট। তিন শর কাছাকাছি যাওয়া খুবই সম্ভব মনে হচ্ছিল তখন। অথচ উল্টো ২৫ রানে শেষ ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দল গুটিয়ে গেল ২৩১ রানেই! সেটাও সাব্বির রহমানের কল্যাণে, ৪ চার ও ১ ছক্কায় ২৯ বলে করেছেন ৩১।
ক্রিকেট অস্ট্রেলিয়া দলে মোটামুটি পরিচিত ক্রিকেটার বলতে অ্যাশটন টার্নার, জেমস মিউরহেড ও ক্রিস লিন। লেগ স্পিনে মিউরহেড পেয়েছেন একটিই মাত্র উইকেট, ৪ রানে ফিরেছেন লিন। কিন্তু অধিনায়ক টার্নার ঠিকই দারুণ এক ইনিংস খেলে জিতিয়েছেন দলকে। মাশরাফি ও রুবেল ক্রিকেট অস্ট্রেলিয়ার ২ উইকেট তুলে নিয়েছিলেন ১৯ রানে। কিন্তু তৃতীয় উইকেটে ওপেনার জিমি পিয়ারসেনকে নিয়ে ১২৯ বলে ১৩১ রানের জুটি গড়েন টার্নার। সদ্য সমাপ্ত বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে ৮ ম্যাচে মাত্র একটি ফিফটি করা পিয়ারসন ৭৮ করেছেন ৭৬ বলে। ৫ ছক্কায় ৭৮ করে টার্নার যখন ফিরলেন, ম্যাচে ফিরেছিল খানিকটা রোমাঞ্চও। রান ছিল ৫ উইকেটে ১৭৫। কিন্তু ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৫৭ রানে উইলিয়াম বোসিস্টো ও বেন ম্যাকডারমট দলকে জিতিয়ে দেন ৪০ বল আগেই।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ আগামীকাল, যে ম্যাচে খেলার কথা মাইকেল ক্লার্কের।
প্রস্তুতি ম্যাচ স্কোর
বাংলাদেশ: ৪৫.৪ ওভারে ২৩১ (সৌম্য ৩৩, এনামুল ১১, মুমিনুল ৫২, মাহমুদউল্লাহ ৪২, সাকিব ১৪, মুশফিক ১৯, সাব্বির ৩১, নাসির ৩, মাশরাফি ২, সানি ১, রুবেল ০*; মুডি ৩/৩৫, কনওয়ে ২/৩৫, ফন ডার গাগটেন ১/২১, টার্নার ১/৩০, মিউরহেড ১/৫৩, গ্রেগরি ১/৫৫);

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ: ৪৩.২ ওভারে ২৩২/৫ (পিয়ারসন ৭৮, মরগান ১, লিন ৪, টার্নার ৭৮, উইলস ১০, বোসিস্টো ৩১*, ম্যাকডারমট ২৫*; রুবেল ২/৩২, সাকিব ১/২৭, মাশরাফি ১/৩২, তাসকিন ১/৩৪, সানি ০/৩৩, তাইজুল ০/৫৬, মাহমুদউল্লাহ ০/১০, সাব্বির ০/৫)।