হারে শুরু 'এ' দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর রেজিস চাকাভা। কাল ফতুল্লায় l প্রথম আলো
সেঞ্চুরির পর রেজিস চাকাভা। কাল ফতুল্লায় l প্রথম আলো

বেসরকারি দুটি টেস্টে জিম্বাবুয়ে ‘এ’ দলকে ভালোই ভুগিয়েছেন তরুণ লেগ স্পিনার জুবায়ের হোসেন। এবার উল্টো স্বাগতিক দলের লেগ স্পিনে ঘায়েল হওয়ার পালা। এক দিনের সিরিজের জন্য জিম্বাবুয়ে উড়িয়ে এনেছে এক লেগ স্পিনারকে। সেই তাফাদজাওয়া কামুনগোজিই কাল ধসিয়ে দিলেন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং। কামুনগোজির আগে অবশ্য ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন রেজিস চাকাভা। ওপেনিংয়ে নেমে এই উইকেটকিপার-ব্যাটসম্যানের ১৩২ আর কামুনগোজির ৪ উইকেটে প্রথম এক দিনের ম্যাচে ১৭ রানে জিতেছে জিম্বাবুয়ে ‘এ’।

দুটি চার দিনের ম্যাচে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের চোখের জল নাকের জল এক করে ফেলা সাকলাইন সজীবকে একাদশের বাইরে রেখে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট খানিকটা সহজ করে দিয়েছিল প্রতিপক্ষের কাজ। ক্রমেই মন্থর হতে থাকা উইকেট, যেখানে বল নিচুও হয়েছে খানিকটা, ২৫৩ রান সেখানে বেশ বড় সংগ্রহই। ৪৮ ওভার উইকেটে থেকে একাই যে রানের অর্ধেকের বেশি করেছেন চাকাভা। ব্রায়ান চারিকে নিয়ে টসজয়ী দলকে সূচনা এনে দেন চাকাভা। চারিকে (৩৫) ফিরিয়ে ৮৩ রানের জুটি ভেঙে পরের বলে গাম্বিকেও ফেরান মুমিনুল। লেগ স্পিনার জুবায়েরও পরে টানা দুই বলে নেন ২ উইকেট। ছয়ে নামা অধিনায়ক সিবান্দার মাঝে যোগ্য সঙ্গী পেয়ে যান চাকাভা। ৫ম উইকেটে ১১৮ বলে ১২০ রানের দারুণ এক জুটি গড়েন দুজন। ১৩ চার ও ৩ ছক্কায় ১৪৪ বলে ১৩২ করেন চাকাভা।

৩৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই দিশা হারিয়ে ফেলে স্বাগতিকেরা। তৃতীয় উইকেটে ওপেনার সৌম্য (৮০ বলে ৫৬) ও নাঈমের ৬৩ রানের জুটি ম্যাচে ফেরানোর আশা জাগিয়েছিল। পঞ্চম উইকেটে নাঈম ও মোসাদ্দেকের ৫৬ রানের জুটিও পথে রাখে দলকে। কিন্তু ২ রানের মধ্যে নাঈম (৬৬) ও নুরুলের বিদায়ের পর বেড়ে যায় রান-বলের টানাপোড়েনও। ইলিয়াস সানির ৩০ বলে ৪২ রানের ঝড়ও যেটির উত্তর হতে পারেনি। দ্বিতীয় ম্যাচ আগামীকাল ফতুল্লাতেই।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে ‘এ’: ৫০ওভারে ২৫৩/৬ (চারি ৩৫, চাকাভা ১৩২, গাম্বি ০, মারুমা ১৩, ওয়ালার ০, সিবান্দা ৫২, মুতিজাওয়া ৪*, মুপারিওয়া ৩*; হাসান ০/১৩, শহীদ ১/৪২, সৌম্য ০/১৭, সানি ০/৩৭, জুবায়ের ২/৫৩, মুমিনুল ২/৪৭, মোসাদ্দেক ১/৩৬); বাংলাদেশ ‘এ’: ৪৯.৩ওভারে ২৩৬ (সৌম্য ৫৬, শাহরিয়ার ২, মার্শাল ২, মুমিনুল ২, নাঈম ৬৬, মোসাদ্দেক ৪৯, নুরুল ২, সানি ৪২, হাসান ৬, শহীদ ১, জুবায়ের ০*; মুপারিওয়া ৩/৪১, মুসোকো ২/২৬, কামুনগোজি ৪/২৪, ওয়ালার ০/৬১, মাসাকাদজা ০/৪৭, মারুমা ১/২, সিবান্দা ০/৩৪)। ফল: জিম্বাবুয়ে ‘এ’ ১৭ রানে জয়ী; ম্যান অব দ্য ম্যাচ: রেজিস চাকাভা।